পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
রাজধানীর পুরান ঢাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে সূত্রটি জানিয়েছে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লালবাগ থানার বাংলাদেশ মাঠসংলগ্ন কায়েতটুলীতে একটি জুতার দোকানে আগুন লাগে। দোকানে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আটটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার আবু নাইম বলেন, টিনশেডের একটি ঘরে ওই জুতার কারখানাটি গড়ে উঠেছে। ছুটির দিন থাকায় কারখানাটি বন্ধ ছিল। তাই কেউ হতাহত হয়নি। তবে কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া আগুনের শিখা আশপাশের বাসাবাড়ির তিনতলা পর্যন্ত উঠেছে। ফলে কিছু বাসার আসবাব, জানালার পর্দাসহ বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।ব্রিগেডিয়ার আবু নাইম আরও বলেন, সাধারণত পুরান ঢাকায় সব সময় যানজট লেগে থাকে। তবে ঈদের ছুটি থাকায় রাস্তাঘাট ফাঁকা ছিল। তাই ফায়ার সার্ভিসের গাড়ি সহজে ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছে। তাছাড়া নিমতলীর ঘটনার পর পুরান ঢাকাবাসী অনেকটা সতর্ক। আগুন নেভানোর কাজে স্থানীয় মানুষজন পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেছে। ফলে আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।