পুরান ঢাকায় দুই দিনের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখ উদ্‌যাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে চলছে প্রস্তুতি l প্রথম আলো
পয়লা বৈশাখ উদ্‌যাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে চলছে প্রস্তুতি l প্রথম আলো

পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এতে পুরান ঢাকার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
বৈশাখী মেলা, মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে হচ্ছে এই আয়োজন। শোভাযাত্রায় এবারের প্রতিকৃতি থাকছে কচ্ছপ। পাশাপাশি শোভাযাত্রায় পুতুল, পাখি, বাঘের মুখোশ, প্যাঁচার মুখোশ, পাখির মুখোশ, রাজা-রানির মুখোশ, ঘোড়া ও অন্যান্য লোকজ ঐতিহ্য উপস্থাপন করা হবে। এ ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷
চারুকলা বিভাগ সূত্র জানায়, বৈশাখের প্রথম দিন সকাল নয়টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার, তাঁতীবাজার মোড়, বংশাল, সুন্দরবন স্কয়ার, নবাবপুর রোড হয়ে ক্যাম্পাসে ফিরে আসবে। ওই দুই দিনই বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
চারুকলা বিভাগের চেয়ারম্যান মোহা. আলপ্তগীন বলেন, এবারের পয়লা বৈশাখ উদ্যাপনে ইতিমধ্যে পুরান ঢাকার বিভিন্ন শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে কথা হয়েছে।