পুরান ঢাকায় দোকান কর্মচারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার লুত্ফর রহমান লেনের একটি গলি থেকে গতকাল শুক্রবার সকালে গৌরাঙ্গ দে (৫০) নামের একজনের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। পুলিশের ধারণা, গৌরাঙ্গকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন লুত্ফর রহমান লেনের একটি বাড়ির সামনে একটি চটের বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে বস্তার মুখ খুলে লাশ দেখতে পায়। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পরে স্বজনেরা হাসপাতালে গিয়ে লাশটি শনাক্ত করেন।বংশাল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল্লাহ প্রধান বলেন, গৌরাঙ্গের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও পিটিয়ে হত্যা করে লাশটি বস্তায় ভরে সেখানে ফেলে রেখে যায় হত্যাকারীরা। এ ব্যাপারে নিহতের ছেলে মিঠুন দে বাদী হয়ে থানায় মামলা করেন।