পুরান ঢাকায় দোকানের ছাদে বোমা বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সৈয়দ নজরুল ইসলাম সরণির (ইংলিশ রোডের মাথায়) একটি রডের দোকানের ছাদে দুর্বৃত্তরা একটি বোমা ছুড়ে মেরেছে। এতে ওই দোকানের টিনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সরণির রশিদ স্টিল নামের একটি দোকানের ছাদে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, কারা কেন এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো পরিষ্কার হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওসি জানান, এ ঘটনায় দোকান মালিক মামলা করবেন বলে তাঁকে জানিয়েছেন। তবে দোকান মালিক মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। রশিদ স্টিলের মালিকের ছেলে রনি প্রথম আলোকে জানান, সাপ্তাহিক ছুটির কারণে গতকাল তাঁদের দোকান বন্ধ ছিল। বোমার আঘাতে দোকানের ছাদ ভেঙে দোতলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।