পুরান ঢাকায় পানিতে ময়লা ও দুর্গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন পাম্প বসেছে। কিন্তু পানি সরবরাহের পাইপগুলো পুরোনোই আছে। সেই পাইপে আসে বুড়িগঙ্গার শোধন-অনুপযোগী পানি। তাই পুরান ঢাকার শাঁখারীবাজার, পানিটোলা, রাজার দেউড়িসহ আশপাশের এলাকায় ঢাকা ওয়াসার সরবরাহ করা পানি ময়লা ও দুর্গন্ধময়।
গতকাল শুক্রবার এলাকায় গিয়ে দেখা যায়, শাঁখারীবাজার, পানিটোলা ও রাজার দেউড়িতে ওয়াসার কল থেকে পানি সংগ্রহ করছে এলাকাবাসী। ঢাকা ওয়াসা জানায়, এসব এলাকায় বুড়িগঙ্গা নদীর পানি শোধন করে সরবরাহ করা হয়। কিন্তু নদীর পানির মারাত্মক দূষণ শোধন করতে পারছে না চাঁদনী ঘাট শোধনাগার।
শাঁখারীবাজারের মুখে শনিমন্দিরের কাছে রাস্তার একটি কল থেকে পানি সংগ্রহ করছিলেন সুরেন সুর নামে এক যুবক। বললেন, ‘নিয়মিত ওয়াসার পানির বিল না দিলে সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশ আসে। অথচ কলে আসে ময়লা আর দুর্গন্ধময় পানি। এ শহরে সবই সম্ভব।’
বয়োজ্যেষ্ঠ অখিল পাল বলেন, ছোটবেলায় পানির লাইন বসাতে দেখেছেন। সে পাইপ আর বদল হয়েছে কি না তিনি অন্তত দেখেননি। বছরের পর বছর পানিতে দুর্গন্ধ।
রাজার দেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওয়াসার একটি কল থেকে পানি সংগ্রহ করে বাসা ও দোকানে বিক্রি করেন নবীনের মা। প্রতি কলসি ১০ টাকা। তাঁর কথায় বোঝা যায়, নতুন ক্রেতা বাড়ছে। কারণ, বাসাবাড়িতে সরবরাহ করা ওয়াসার পানি পান করলেই অসুখ।
পানিটোলা ১৪ নম্বর বাড়ির কাছে রাস্তায় এবং বিপরীত দিকে দুটি কল রয়েছে। সেখানে জার বা বোতলের চেয়ে অ্যালুমিনিয়ামের কলসির সংখ্যা বেশি। অনেকে কলসি বসিয়ে দখলে রেখেছেন। বৃদ্ধা বাসন্তী দেবী নিজেই এসেছেন একটি কলসি নিয়ে। বললেন, ‘বাসার কলের পানি এতটাই খারাপ যে, ব্যবহার করলেও পাঁচড়া হয়।’
বাবুল হোসেন নামের অপর এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাস ছয়েক আগে রাজার দেউড়িতে নতুন পাম্প বসানোর পর তাঁরা নিশ্চিন্ত হয়েছিলেন। কিন্তু এরপরও পানির কষ্ট যায়নি। বিশুদ্ধ পানি সংগ্রহ করা এখন তাঁদের নিয়মিত দায়িত্ব হয়ে গেছে। উপস্থিত বাসিন্দারা বলেন, শুক্রবার দোকানপাট বন্ধ থাকায় পানির লাইন তুলনামূলক ছোট। অন্য সময় পানি সংগ্রহ করতে হাতে বাড়তি সময় নিয়ে আসতে হয়।
পানিটোলা, রাখাল চন্দ্র বসাক লেন, রাধিকা মোহন বসাক লেন, ঝুলন বাড়ি এলাকায় ওয়াসার সরবরাহ লাইনের সঙ্গে চাপকলও দেখা যায়। এগুলো সমাজকল্যাণ অধিদপ্তরের সহায়তায় বসিয়েছে ওয়াসা। তবে প্রতিটিতেই কাপড় বা ছাঁকনি বাঁধা। না হলে ময়লা আসে।
ওয়াসার লাইনের সঙ্গে নিজ উদ্যোগেও চাপকল বসিয়েছেন অনেক বাড়ির মালিক। এটা করা হয়েছিল যখন পানির সরবরাহ কম ছিল। ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, নদীর পানির দূষণের কারণে পুরান ঢাকার অনেক এলাকায় পানিতে গন্ধ হতে পারে। এ ছাড়া ষাটের দশকের পর এলাকায় পাইপলাইন পরিবর্তন করা যায়নি। পুরোনো হওয়ায় এবং অবৈধ সংযোগের কারণে অনেক স্থানেই পাইপ ফেটে গেছে। ফলে ময়লা ঢুকে পড়ে।
উপব্যবস্থাপনা পরিচালক জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে কয়েক মাসের মধ্যে পুরান ঢাকায় মোটা পাইপলাইন বসানোর কাজ শুরু হবে।