পুরান ঢাকায় পানির কষ্ট, ছোটাছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার দুপুর ১২টা। বাংলাবাজার এলাকার বয়োজ্যেষ্ঠ বাসিন্দা অনন্ত দাস বালতি নিয়ে পানির খোঁজে বেরিয়েছেন। বললেন, ‘ঘরে জল নেই, জল আনার মতোও আর কেউ নেই। অন্তত খাবার জলটুকু সংগ্রহ করতে হবে।’ তিনি যাচ্ছিলেন কাকলি মাঠ পাম্পের দিকে।
বাংলাবাজারের মতো পুরান ঢাকার অন্তত ১৫টি এলাকায় পানি নেই। প্রচণ্ড জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এসব এলাকায়। খাবার পানি সংগ্রহের জন্য অনেক বাসিন্দা ছোটাছুটি করছেন। ঢাকা ওয়াসা জানিয়েছে, স্থানীয় একটি গভীর নলকূপ বিকল হয়ে পড়েছে। উপরন্তু পাইপলাইন ক্ষতিগ্রস্ত। এ কারণেই পানির সংকট।
প্যারিদাস রোডের ২৭ ও ২৮ নম্বর বাড়ির কলে ওয়াসার পানি একেবারেই আসছে না বলে বাসিন্দারা অভিযোগ করেন। প্রায় ১২ দিন ধরে পানির কষ্ট। ওয়াসার লোকদের বলার পর তাঁরা বলেছেন, অপেক্ষা করেন, সমস্যা কেটে যাবে। কিন্তু কত দিন অপেক্ষা করা যায়?
একই অবস্থা হেমন্ত দাস লেন, শিং টোলা, লক্ষ্মীবাজারের কিছু অংশ, নর্থব্রুক হল রোড, লালকুঠি, একরামপুর, ডালপট্টি মোড় ও আশপাশের এলাকায়। এ ছাড়াও শাঁখারীবাজার, পানি টোলা, ঝুলন বাড়ি, রাজার দেউড়ি, কোর্ট হাউস স্ট্রিট এলাকাতেও পানির সমস্যা।
হেমন্ত দাস লেনে দুপুর সাড়ে ১২টার দিকে একটি পানিবাহী গাড়ি আসতেই হুমড়ি খেয়ে পড়েন কয়েকজন বাসিন্দা। কিন্তু তাঁদের জানানো হয়, ওই গাড়ির পানি তাঁদের দেওয়া সম্ভব নয়। কারণ, গাড়িটি এসেছে অন্য এক বাসিন্দার চাহিদায়। ওই বাসিন্দা গত বুধবার সকালে ওয়াসার ১ নম্বর আঞ্চলিক কার্যালয়ে এক গাড়ি পানির জন্য আবেদন করেছিলেন। সেই পানি আসে শুক্রবার দুপুর সাড়ে ১২টায়। শিং টোলার বাসিন্দা আসলাম জানান, তিনি পানির গাড়ির জন্য বলেছিলেন, কিন্তু সরু গলিতে গাড়ি ঢুকবে না বলে পানি পাননি।
সূত্রাপুর এলাকার রূপচাঁদ দাস লেনের কিছু বাড়িতে ১০ দিন ধরে পানির কষ্ট। এর মধ্যে ২৪ থেকে ২৯ নম্বর বাড়িতে একেবারেই পানির সরবরাহ নেই। এলাকার বাসিন্দা মিলন চৌধুরী বলেন, ‘আগেও পানির সমস্যা ছিল, কিন্তু এবারের পানির কষ্ট সহ্য করার মতো নয়। গরম বেড়ে যাওয়ায় কষ্টটা আরও বেড়েছে, গোসল করতে পারছি না। বাইরে থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে।’ এলাকাবাসী ওয়াসার স্থানীয় কার্যালয়ে যোগাযোগ করলে তাঁদের বলা হয়েছে পাইপলাইনে সমস্যা। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। এ অবস্থায় তাঁদের করণীয় কী বুঝতে পারছেন না।
শাঁখারীবাজার ঢোকার মুখে শনির মন্দিরের কাছে ওয়াসার কলে শুক্রবারও ভিড় জমেছিল। হাঁড়ি, কলসি, জার নিয়ে ভিড় করেছিলেন চারদিকের বাসিন্দারা। পানিটোলার ব্যবসায়ী সুবেদ ঘোষ বলেন, এত দিন এলাকায় পানির সরবরাহ থাকলেও তাতে গন্ধ ছিল। কিন্তু কয়েক দিন ধরে হাতমুখ ধোয়ার পানিও আসছে না। রাজার দেউড়ি পানির পাম্পেও পানি সংগ্রহে ভিড় দেখা যায়। মধ্যবয়সী গৃহিণী সুমনা পাল ক্ষোভ জানিয়ে বলেন, ‘খাবার জল শুধু নয়, রান্নার জলও আমাদের অনেক দূর থেকে আনতে হচ্ছে। ঘরে এক ফোঁটা জলও নেই।’
যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওয়াসার একটি গভীর নলকূপ কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। সেখানে বিকল্প উপায়ে ছোট একটি পাম্প বসানো হয়েছে। গভীর নলকূপ প্রতিস্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া আরও কিছু কারণে এসব এলাকায় পানির সাময়িক সমস্যা চলছে। তবে ওয়াসা যথাসাধ্য চেষ্টা করছে।