পুরান ঢাকায় পুলিশের গুলিতে যুবক আহত
পুরান ঢাকার সূত্রাপুরের পাতলা খান লেনে গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশের গুলিতে অজয় শীল (২৭) নামের এক যুবক আহত হয়েছেন। পুলিশ আহত অজয়কে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ বলেছে, সন্ত্রাসীদের গুলির জবাবে পুলিশ পাল্টা গুলি ছুড়লে অজয় শীল আহত হন। তাঁর কাছ থেকে বিদেশি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সূত্রাপুর থানার পুলিশ জানায়, পুলিশের কাছে গোপন খবর আসে লক্ষ্মীবাজারের পাতলা খান লেনে একটি বাড়ির ছাদে সশস্ত্র সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনা করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসী অজয়ের পায়ে গুলি লাগে। তবে তাঁর চার সহযোগী পালিয়ে যায়। পুলিশ আহত অবস্থায় অজয়কে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁর কাছ থেকে বিদেশি একটি পিস্তল উদ্ধার করে।
সূত্রাপুর থানার ওসি তপন কুমার সাহা বলেন, এর আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অজয় একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।