পুরান ঢাকায় বিদ্যুতের তার থেকে আগুন, তিনজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার লালবাগ আমলীগোলায় একটি রাসায়নিক গুদাম ও কারখানার ছাদে বিদ্যুতের তার থেকে আগুন লেগেছে। এতে কারখানার মালিক ও দুই শ্রমিকসহ তিনজন অগ্নিদগ্ধ হন। আহত তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঘটনার পর পুলিশ ওই কারখানাটি বন্ধ করে দিয়েছে। দমকল সূত্র জানায়, গতকাল বিকেলে আমলীগোলার ১৭১ নম্বর জগন্নাথ সাহা (জেএন সাহা রোড) রোডের গাজী ভবনের নিচতলায় এ ঘটনা ঘটেছে। এখানে আবাসিক ভবনের নিচে জুতার সোল তৈরির কারখানার পাশাপাশি রাসায়নিকের গুদাম করা হয়। আহতদের একজন জানান, বেলা পৌনে তিনটার দিকে কাঠমিস্ত্রী নিতাই মণ্ডল কাঠের কাজ করার সময় বিদ্যুতের তারের ওপর পড়ে যান। এতে হঠাৎ করে তারে আগুন লেগে যায়। তাঁকে বাঁচাতে গিয়ে আরও দুজন অগ্নিদগ্ধ হন। এই তারের নিচে ছিল কারখানা ও রাসায়নিকের গুদাম। এ কারণে আগুন নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন জানান, আগুনের খবর পেয়ে লালবাগ থানার পুলিশ ও দমকলের সদস্যরা ছুটে যান। তবে তার আগেই স্থানীয় দোকান মালিক ও বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলে। দেখা গেছে, এই গাজী ভবন তিনতলা। এর সামনে তিনটি দোকান এবং নিচতলার পেছনে রাসায়নিকের গুদাম ও কারখানা। বিদ্যুতের যে তারে আগুন লেগেছে, তার নিচেই রাসায়নিকভর্তি বড় বড় নীল রঙের প্লাস্টিকের ড্রাম রাখা আছে।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাত দেখেই ভয়ে কারখানার মালিক গাজী সফিউল্লাহ আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তিনি নিজে ও কর্মচারী আনু মিয়া অগ্নিদগ্ধ হন। শফিউল্লার চিত্কারে আশপাশের মানুষ ছুটে আসে। এদিকে আগুনের পর লালবাগ থানার পুলিশ গতকাল বিকেলে গাজী ভবনের ওই কারখানা ও গুদামটি সিলগালা করে দিয়েছে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এলাকার নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারখানার রাসায়নিক পরীক্ষার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।