পুরান ঢাকায় বিদ্যুৎ নিয়ে যন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বিভিন্ন স্থান, দোলাইরপাড়, রসুলপুর, দনিয়া, জুরাইন, পোস্তগোলা ও আশপাশের এলাকায় বিদ্যুৎবিভ্রাটের ঘটনা অত্যন্ত বেড়ে গেছে। এসব এলাকার বাসিন্দারা এই যন্ত্রণায় অতিষ্ঠ।

কোনো কোনো এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। কেন বিদ্যুৎ নেই, তা জানতে বিদ্যুৎ কার্যালয়ের সহযোগিতা পাওয়া যায় না—এমন অভিযোগও করেছেন এলাকাবাসী।

পূর্ব দোলাইরপাড়ের বাসিন্দা আমিনুজ্জামান এই প্রতিবেদককে বলেন, গতকাল শনিবার সকাল থেকে সূর্য ডোবার আগেই তিন দফায় বিদ্যুৎ যায়। প্রতি রাতেও বিদ্যুৎ যাওয়ার ঘটনা ঘটছে। গরমে কষ্ট হচ্ছে প্রচণ্ড।

কিছুদিন আগে দুপুর থেকে টানা দশ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এ ছাড়া মাঝে মাঝেই তিন-চার ঘণ্টার জন্য বিদ্যুৎ যায়। কখনো কখনো পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎ এসে আবার চলে যায়।

জানতে চাইলে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) স্কাডা থেকে বলা হয়, সম্প্রতি শ্যামপুরে একটি ৩৩ কেভি গ্রিড ট্রান্সফরমার বন্ধ (ট্রিপ) হয়ে যাওয়ায় দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না। মেরামত করার সময় মাঝে মাঝে বিদ্যুৎ চালু হয়ে আবার বন্ধ হয়ে গেছে। এ ছাড়া মাঝে মাঝে স্থানীয় কোনো সমস্যার কারণে বিদ্যুৎ চলে যায়।

দনিয়া, রসুলপুরের বাসিন্দাদেরও বিদ্যুৎ নিয়ে নানা অভিযোগ। তাঁরা বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণ জানতে স্থানীয় বাণিজ্যিক পরিচালন কার্যালয়ের টেলিফোন নম্বরে (৭৪১২৫৮৪) বারবার ফোন করেও কোনো লাভ হয় না। অথচ ডিপিডিসির দেওয়া বিদ্যুৎ বিলে স্থানীয় নির্বাহী প্রকৌশলীর দপ্তরের নম্বর হিসেবে এই নম্বরই দেওয়া হয়েছে। এই নম্বরে ফোন করার পর কখনো বলা হয়, নম্বরটি বর্তমানে ব্যবহার হচ্ছে না, কখনো দেখা গেছে নম্বরটি ব্যস্ত। আবার দেখা গেছে, রিং বেজে যাচ্ছে কেউ ধরছে না।

রসুলপুর ও দোলাইরপাড়ের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, মাঝে মাঝে গভীর রাতেও এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটে। এর কারণ হিসেবে বলা হয়, বিদ্যুৎ লাইন সংস্কারের জন্য লাইন বন্ধ রাখা হয়। এলাকাবাসীর প্রশ্ন, এতবার সংস্কারের পরও বিদ্যুৎ-ব্যবস্থার উন্নতি হচ্ছে না কেন?

পুরান ঢাকার শাঁখারীবাজার, পান্নিটোলা, রাজার দেউড়ি, তাঁতীবাজার ও আশপাশের এলাকায় দিনে-রাতে চার-পাঁচবারও বিদ্যুৎ থাকে না বলে এলাকাবাসী জানান। পানিটোলার ব্যবসায়ী অরুণ ঘোষ বলেন, বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুৎ যাবেই। পানিটোলা গলির নর্দমায় কিছুদূর পরপর ঢাকনা নেই। বিদ্যুৎ না থাকলে নর্দমায় পড়ে হাত-পা ভাঙার ঘটনা ঘটছে প্রায়ই।

ওয়ারী, হাটখোলা, আর কে মিশন রোডেও যখন-তখন বিদ্যুৎ চলে যায়। এসব এলাকার বিভিন্ন বহুতল ভবনের বাসিন্দাদের আশঙ্কা, কোরবানির ঈদের সময়টায় বিদ্যুৎ-ব্যবস্থা সচল থাকবে কি না। ঠিকমতো বিদ্যুতের সরবরাহ না থাকলে ফ্রিজে রাখা মাংস নষ্ট হয়ে যাবে।