পুরান ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
পুরান ঢাকার ইংলিশ রোড এলাকায় গতকাল শুক্রবার সকালে নির্মাণাধীন ভবনের পাইলিং করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে তিন শ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন: আকরাম হোসেন (২৫), সাইফুল ইসলাম (১৮) ও সিরাজুল ইসলাম (২৬)।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাত্র ১৫-২০ গজ জুড়ে চলছিল পাইলিংয়ের কাজ। ওই জায়গায় পড়ে আছে বড় একটি যন্ত্র। দোকান ঘেঁষে ঝুলছিল লোহার খাঁচাটি। দোকানটির বৈদ্যুতিক তার খাঁচার সঙ্গে লেগেছিল। ছোট্ট পরিসরে পাইলিং করা ঝুঁকিপূর্ণ ছিল বলে সংশ্লিষ্টরা জানান। এ ব্যাপারে জানতে চাইলে ইস্টার্ন পাইলিং অ্যান্ড ট্রেডিং কোম্পানির স্বত্বাধিকারী মাহবুব আলম জানান, পাশের দোকানে বৈদ্যুতিক তার এভাবে ঝুলেছিল যে তা তিনি খেয়াল করেননি। তবে শ্রমিকদের কাজ করার সময় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শরীফ ইবনে আলম গতকাল প্রথম আলোকে জানান, স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার জন্য থানায় আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্মাণশ্রমিক আকরাম হোসেনের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার পৃথকপাড়া গ্রামে। তাঁর বাবার নাম সিরাজুল ইসলাম। সাইফুল ইসলাম ময়মনসিংহের ফুলপুর উপজেলার বউলা গ্রামের আইনুদ্দিন হোসেনের ছেলে। অপর নির্মাণশ্রমিক সিরাজুল ইসলাম ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাতীবান্ধা গ্রামের শরফুদ্দিনের ছেলে।