পুরান ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার স্বামীবাগে নিজ দোকানের সামনে ব্যবসায়ী জাকির হোসেনকে (৩০) গতকাল বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। তাঁর পিতল ও পুরোনো লোহালক্কড়ের ব্যবসা রয়েছে।
পরিবারের অভিযোগ, চাঁদাবাজেরা জাকিরকে হত্যা করেছে। আর পুলিশ বলছে, এই হত্যার পেছনে ব্যবসায়িক ও রাজনৈতিক কারণ থাকতে পারে।
জাকির হোসেন সপরিবারে স্বামীবাগের মুনশিরটেকে পৈতৃক পাঁচতলা বাড়ির তৃতীয় তলায় থাকতেন। স্বামীবাগ রেললাইনের কাছে থাকা দোকান থেকে বাড়ির দূরত্ব ৫০ গজের মতো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেছে, বেলা সোয়া একটার দিকে জাকির তাঁর দোকান জাকির এন্টারপ্রাইজের সামনে কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় মুখোশ পরা ও ক্যাপ পরা চারজন অস্ত্রধারী সেখানে এসে জাকিরকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে। তাঁর মাথা, বুক, বাঁ হাতের বাহু ও পিঠে গুলি লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সন্ত্রাসীরা হেঁটে গুলি ছুড়তে ছুড়তে জাকিরদের বাড়ির পাশ দিয়ে চলে যায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে কেউ অস্ত্রধারীদের কাছে যেতে সাহস পায়নি।
রক্তাক্ত অবস্থায় প্রথমে জাকিরকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বেলা দুইটার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় সেখানে উপস্থিত জাকিরের স্ত্রী সায়মা আক্তার, বাবা এনায়েতুল হক ও মা মমতাজ বেগমসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
কান্নাজড়িত কণ্ঠে সায়মা আক্তার বলেন, গুলির শব্দ শুনে তাঁরা সবাই বাড়ি থেকে নিচে নেমে এসে শোনেন জাকিরকে গুলি করা হয়েছে। তখন তাঁরা ছুটে গিয়ে দেখেন, জাকির অচেতন অবস্থায় পড়ে আছেন। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তিনি প্রথম আলোকে হত্যার কারণ সম্পর্কে কিছু বলেননি। জানা গেছে, তিনি এ বিষয়ে পুলিশকে বলেছেন।
জাকিরের বাবা এনায়েতুল হক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচালক। হাসপাতালে তিনি প্রথম আলোকে বলেন, চাঁদাবাজেরা তাঁর ছেলেকে গুলি করেছে। তিনি নাম উল্লেখ না করে বলেন, তিনি গেন্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা করবেন।
জাকিরের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ে। তাঁর তিন বছর বয়সী এক মেয়ে আছে। তিন ভাইয়ের মধ্যে জাকির দ্বিতীয় ছিলেন।
পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার নুরুল আমিন বলেন, জাকির হত্যার পেছনে ব্যবসায়িক ও রাজনৈতিক কারণ থাকতে পারে। জাকিরের স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, জাকির স্বামীবাগ এলাকার ওয়ার্ড কাউন্সিলরের ঘনিষ্ঠ ছিলেন। আগে স্থানীয় বিএনপির কর্মী থাকলেও সম্প্রতি তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এটিও একটি কারণ হতে পারে। এ ছাড়া পাঁচ-ছয় মাস আগে একটি গ্রুপ জাকিরকে হত্যার চেষ্টা করেছিল। গতকাল তারাই তাঁকে গুলি করে হত্যা করেছে বলে জাকিরের স্ত্রী অভিযোগ করেছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে গুলির চারটি খোসা উদ্ধার করেছে। জাকিরকে নাইন এমএম পিস্তল দিয়ে গুলি করা হয়েছে।
গেন্ডারিয়া থানার পুলিশ বলেছে, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।