পুরান ঢাকায় ব্যবসায়ীর খুনিরা ধরা পড়েনি
পুরান ঢাকার স্বর্ণ ব্যবসায়ী প্রেমকৃষ্ণকে হত্যার ঘটনায় তাঁর বড় ভাই অমল রায় বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেছেন। তবে ঘাতকদের এখনো শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় ওমর ফারুক ওরফে আল-আমীন ওরফে নান্টু নামে একজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রেমকৃষ্ণকে হত্যার পাঁচ দিন আগে ২৬ ফেব্রুয়ারি নান্টু কেরানীগঞ্জে গ্রেপ্তার হয়েছিলেন।পুলিশ দাবি করছে, নান্টুদের চক্রটিই প্রেমকৃষ্ণের কাছে টেলিফোনে চাঁদা দাবি করেছিল, এমন প্রমাণ মিলেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর কবির খান প্রথম আলোকে বলেন, নান্টু কেরানীগঞ্জের কয়েকজনের কাছে ফোনে চাঁদা দাবি করেন। কেরানীগঞ্জের ব্যবসায়ীদের কাছে যে নম্বর থেকে ফোন করা হতো, একই নম্বর থেকে প্রেমকৃষ্ণদের ব্যবসাপ্রতিষ্ঠানেও ফোনে চাঁদা দাবি করা হয়। তাই তাঁকে প্রেমকৃষ্ণ হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।এদিকে নিহতের বড় ভাই অমল রায় প্রথম আলোকে বলেন, প্রেমকৃষ্ণের ব্যবসাপ্রতিষ্ঠানে ফোন করে কুখ্যাত ডাকাত শহীদের নাম করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। কিছুদিন ধরে প্রায়ই প্রতিষ্ঠানের ফোন ও প্রেমকৃষ্ণের মুঠোফোনে চাঁদার জন্য হুমকি দেওয়া হতো। এ ঘটনায় তাঁরা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তিনি বলেন, তাঁর ভাইয়ের সঙ্গে অন্য কারও কোনো ধরনের বিরোধ ছিল না। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তাঁর ভাইকে গুলি করে হত্যা করেছে বলে তাঁরা মনে করেন।গত বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে গুলি করে প্রেমকৃষ্ণ রায়কে হত্যা করে দুর্বৃত্তরা।গতকাল শুক্রবার পুরান ঢাকার কোতোয়ালি রোডের প্রেমকৃষ্ণদের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের সামনে প্রেমকৃষ্ণ হত্যার বিচারের দাবিতে একটি কালো রঙের ব্যানার টানানো। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সেখানকার দোকানপাট বন্ধ ছিল। প্রেমকৃষ্ণদের বাসার নিচতলায় একজন পুলিশ ও একজন আনসার সদস্যকে পাহারা দিতে দেখা যায়।ঢাকা স্বর্ণশিল্পী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক দিনেশ পাল প্রথম আলোকে বলেন, প্রেমকৃষ্ণ ও তাঁর ভাই অমলকৃষ্ণের কাছে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে বিভিন্ন সময় ফোনে হুমকি দিয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় জিডি করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান এ অভিযোগ অস্বীকার করে বলেন, জিডি করার পর পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিছুদিন আগে প্রেমকৃষ্ণের বাসার সামনে একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়। তিনি বলেন, শতভাগ নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয়।ওসি সালাউদ্দিন খান আরও বলেন, তাঁতীবাজার ও শাঁখারীবাজার এলাকায় পুলিশের পাঁচটি নিরাপত্তা-চৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে। বড় অঙ্কের টাকা বহনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নেওয়ার কথা বলা হলেও অনেকেই সহায়তা নিতে চায় না। তিনি বলেন, ওই এলাকার অনেক ব্যবসায়ী অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। যেখানে অবৈধ লেনদেন থাকে, সেখানে অপরাধীদের আনাগোনাও বেশি থাকে। এ ছাড়া ব্যবসায়ীদের অনেকে পুলিশকে সঠিক তথ্য দেন না।