পুরান ঢাকায় ভোররাতেও বিদ্যুৎ থাকছে না
রাজধানীর কোনো কোনো এলাকায় ভোররাতেও বিদ্যুৎ চলে যাচ্ছে এবং দীর্ঘ সময় পরও আসছে না। এ ছাড়া বিভিন্ন স্থানে বিদ্যুতের লোডশেডিং ও বিভ্রাট আবারও বেড়েছে। বিশেষ করে পুরান ঢাকা ও পূর্বাঞ্চলীয় এলাকায় দিনে-রাতে তিন থেকে ছয়বার বিদ্যুৎ যাওয়ার ঘটনা ঘটছে।
গতকাল মঙ্গলবার নগরের ওয়ারী, আরকে মিশন রোড, শাঁখারীবাজার, রাজার দেউড়ি, মুগদা, মান্ডা প্রভৃতি এলাকায় খোঁজ নিয়ে এই তথ্য পাওয়া যায়।
ওয়ারীর লারমিনি স্ট্রিটের বাসিন্দা দীন মোহাম্মদ জানান, দিনের বেলায় বা সন্ধ্যায় নিয়মিত বিদ্যুৎ যাওয়ার ঘটনা পুরোনো। নতুন উপদ্রব শুরু হয়েছে ভোররাতে বিদ্যুৎ চলে যাওয়া। গত পরশু রোববার ভোররাত চারটার দিকে বিদ্যুৎ চলে গিয়ে আসে প্রায় দুই ঘণ্টা পর। এ সময় গরমে পরিবারের কারও পক্ষেই ঘুমানো সম্ভব হয়নি।
প্রতিবেশী অপর এক বাসিন্দা বয়োজ্যেষ্ঠ সুমনা চৌধুরী বলেন, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে বাধ্য হয়ে আইপিএস কিনতে হয়েছে। কিন্তু ভোরবেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় আইপিএসের চার্জ চলে যায়। এর জেরে বিদ্যুৎ বিল অনেক বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন তাঁর পরিবার।
আরকে মিশন রোডের কয়েকটি অ্যাপার্টমেন্টের বাসিন্দারা অভিযোগ করেন, সেখানেও মাঝে মাঝে ভোররাতে বিদ্যুৎ চলে যাচ্ছে। এ ছাড়া গত রোববার বিকেল প্রায় পাঁচটার দিকে বিদ্যুৎ গিয়ে আসে দুই ঘণ্টারও বেশি সময় পর। কোনো কোনো ভবনে জেনারেটরও একপর্যায়ে বন্ধ হয়ে যায়। গতকাল মঙ্গলবারও সকাল পৌনে ১০টার দিকে বিদ্যুৎ গিয়ে আসে প্রায় দুই ঘণ্টা পর।
এলাকায় একটি অ্যাপার্টমেন্টের ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য ক্ষোভ জানিয়ে বলেন, সংবাদপত্রে দেখেছেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন ঢাকায় কোনো লোডশেডিং নেই। অথচ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকাটাকে তাহলে কী বলবেন? ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) লোককে জিজ্ঞেস করলে তাঁরা বলেছেন, এটা বিদ্যুৎ-বিভ্রাট। তাহলে বিদ্যুৎ-বিভ্রাট বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? তাঁদের বক্তব্য হচ্ছে, লোডশেডিং হলে তবুও নির্ধারিত সময়ে বিদ্যুৎ আসার একটি সম্ভাবনা থাকে, কিন্তু বর্তমানে বিদ্যুৎ চলে গেলে কখন আসবে, তার কোনো ঠিক-ঠিকানা থাকছে না।
অপর একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দারা বলেন, শুধু জেনারেটর চালানোর কারণে জুন মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার টাকা। এর বাইরে অ্যাপার্টমেন্টের প্রতি ফ্ল্যাটে অস্বাভাবিক বিল এসেছে। ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দা আকমল হোসেন বলেন, ‘বিদ্যুৎও থাকবে না, আবার অস্বাভাবিক বিলও আসবে, এটা কেন?’
যাত্রাবাড়ী, দোলাইরপাড়, দনিয়া, রসুলপুর, শনির আখড়া এলাকায় প্রায়ই গভীর রাতে বিদ্যুৎ চলে যায়। রাত ১২টা, সাড়ে ১২টা, ১টার দিকে বিদ্যুৎ চলে যায়। রসুলপুরের বাসিন্দা লুৎফর রহমান প্রথম আলোর কাছে অভিযোগ করে জানতে চান, গভীর রাতে বিদ্যুৎ যাওয়ার কী অর্থ থাকতে পারে?
দক্ষিণ মুগদার বাসিন্দা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল জলিল বলেন, দেশে বিদ্যুৎ ক্ষেত্রে প্রচুর উন্নয়ন হয়েছে, এটা সুযোগ পেলেই বলা হচ্ছে। কিন্তু এলাকায় নিয়মিত বিদ্যুৎ যাওয়ার ঘটনায় মনে হয়, মুগদা বুঝি এই উন্নয়ন এলাকার বাইরে। মান্ডা এলাকায়ও নিয়মিত বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনার কথা জানিয়ে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বলেন, ক্লাস চলাকালেও বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটছে।
পুরান ঢাকার শাঁখারীবাজার ও আশপাশের এলাকায়ও বিদ্যুৎ-যন্ত্রণা চলছে বলে জানিয়েছেন বাসিন্দারা। সকাল থেকে রাত নয়টার মধ্যে অন্তত চারবার বিদ্যুৎ যাওয়ার ঘটনা সেখানে এখন নিয়মিত। পানিটোলায় সিডি ব্যবসায়ী তরুণ ঘোষ বলেন, এলাকায় পানির সমস্যার সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুৎ-সমস্যা চলছে অনেক দিন ধরে। প্রতি দোকানঘরে ইমার্জেন্সি লাইট রাখতে হচ্ছে। কারণ, কখন বিদ্যুৎ চলে যাবে, তার ঠিক নেই।
জানতে চাইলে ডিপিডিসি-সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা মো. মামুন দাবি করেন, ডিপিডিসির অধীন এলাকায় অনেক দিন থেকেই লোডশেডিং দেওয়া হচ্ছে না। কোনো কোনো এলাকায় অভ্যন্তরীণ সমস্যার কারণে মাঝে মাঝে বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা ঘটছে।