পুরান ঢাকায় মন্দির থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সূত্রাপুরের লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির থেকে আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, রুপা ও প্রণামি বাক্স থেকে টাকা চুরি হয়েছে। পুলিশের ধারণা, গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সূত্রাপুরের কেজি গুপ্ত রোডে লক্ষ্মীনারায়ণ মন্দির অবস্থিত।পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত দুইটার দিকে তালা লাগিয়ে সবাই চলে যান। গতকাল বুধবার সকালে পুরোহিত মন্দিরে তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন, মন্দিরের প্রতিমার সঙ্গে থাকা আড়াই ভরি স্বর্ণালংকার, ৭০ ভরি রুপার গহনা এবং প্রণামি বাক্সটিও চুরি হয়েছে। বাক্সে অন্তত ৪০ হাজার টাকা ছিল বলে মন্দিরের লোকজন পুলিশকে জানিয়েছে। এ ঘটনায় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির কমিটির সহসভাপতি জগন্নাথ ঘোষ বাদী হয়ে থানায় একটি চুরির মামলা করেন।দুর্বৃত্তরা কীভাবে তালাটি খুলেছে, তা জানাতে পারেননি মন্দির কমিটির সহসভাপতি জগন্নাথ ঘোষ।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দ্বিতীয় তলার মন্দিরের প্রধান ফটকের তালা বিকল্প চাবি দিয়ে খুলে এবং আরেকটি দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে জড়িত সন্দেহে বিপ্লব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে স্থানীয় দুজনের নাম বলেছে।এর আগে ২০১১ ও ২০১০ সালে যথাক্রমে ঢাকেশ্বরী, সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির, জয়কালী মন্দির, ওয়ারীর কদমতলা মন্দির থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি হয়।এদিকে, মন্দিরে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মহানগর সর্বজনীন পূজা কমিটি। কমিটির সভাপতি বীরেস চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ঢাকেশ্বরী মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দিরে চুরি অব্যাহত থাকলেও এসব মালামাল পুলিশ উদ্ধার করতে পারেনি। মন্দিরে নিয়মিত চুরির ঘটনায় কমিটি চিন্তিত।