পুরান ঢাকায় মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে সংঘর্ষ ২০ জন আহত
পুরান ঢাকার সূত্রাপুরে দারুল উলুম আহ্ছানিয়া মাদ্রাসা ও এতিমখানার কর্তৃত্ব নিয়ে গতকাল শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কমপক্ষে ২০ জন আহত হন। গুরুতর অবস্থায় ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, বেশ কয়েক দিন ধরে মাদ্রাসা ও এতিমখানার কর্তৃত্ব নিয়ে শফি মো. আহসানুজ্জামানের সঙ্গে তাঁর নাতি ইমতিয়াজ আহম্মদের বিরোধ চলছিল। গতকাল দুপুরে ইমতিয়াজ আহম্মদের পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ জানান, দীর্ঘদিন ধরে মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।