পুরান ঢাকায় রংমিস্ত্রিকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার সূত্রাপুরে গতকাল শনিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা হুমায়ুন কবির (২৭) নামের এক রংমিস্ত্রিকে গুলি করে হত্যা করেছে। সূত্রাপুর থানা সূত্র জানায়, গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে হুমায়ুন কবির বাসায় ফেরার পথে সূত্রাপুরের মৈশুন্ডি এলাকায় চার সন্ত্রাসী তাঁর পথরোধ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। হুমায়ুন কবির সপরিবারে পুরান ঢাকার মালিটোলা এলাকার গোলাপ পাল লেনে থাকতেন। তাঁর বাবার নাম আবদুল কাদের সরকার। হুমায়ুন কবিরের স্ত্রী খায়রুননেসা পুলিশকে হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি। গতকাল রাতে সূত্রাপুর থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত উপপরিদর্শক সুলতান আহমেদ বলেন, হত্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।