পুরান ঢাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত
পুরান ঢাকার নয়াবাজারে গত বৃহস্পতিবার গভীর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল আহমেদ ওরফে ভুট্টো (৩৩) নামের একজন নিহত হয়েছেন। জানা যায়, তিনি কোতোয়ালি থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। র্যাবের দাবি, ভুট্টোর নামে বিভিন্ন থানায় বেশ কিছু মামলা রয়েছে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০-এর উপপরিচালক হারুন-অর রশীদ প্রথম আলোকে বলেন, নয়াবাজারের সিরাজ উদ-দৌলা পার্কে সন্ত্রাসী ভুট্টো তাঁর সহযোগীদের নিয়ে আড্ডা দিচ্ছেন, এমন খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে র্যাব সেখানে গিয়ে তাঁদের ঘিরে ফেলে। এ সময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে হাতবোমা ও গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। তিন-চার মিনিট গুলিবিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে র্যাব পরে ঘটনাস্থলে ভুট্টোকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।পরিস্থিতি শান্ত হলে কোতোয়ালি থানার পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসে। তারা গুলিবিদ্ধ যুবককে পুরান ঢাকার সন্ত্রাসী, চাঁদাবাজ ও পেশাদার খুনি রাসেল আহমেদ ভুট্টো বলে শনাক্ত করে। তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্থানীয় সূত্রগুলো জানায়, কয়েক বছর ধরে তাঁতীবাজারে ভুট্টো গ্রুপ স্বর্ণ ব্যবসায়ীদের মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করছিল। চাঁদা না দেওয়ায় গত বছরের ২৯ ডিসেম্বর স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম খুন হন।তাঁতীবাজার বণিক সমিতির এক নেতা জানান, ভুট্টোর মৃত্যুতে এলাকার ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসায় গতকাল শুক্রবার অনেকে মিষ্টি বিতরণ করেন। তাঁর কিছু সহযোগী রয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলে এলাকায় শান্তি থাকবে।নিহত ভুট্টোর ভগ্নিপতি গোলাম মোস্তফা জানান, ৩ মার্চ বিকেলে সাদা পোশাকে র্যাবের একটি দল মগবাজার এলাকা থেকে ভুট্টোকে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এরপর র্যাব ও থানাসহ বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তিনি বলেন, বিভিন্ন অনিষ্পন্ন মামলায় ভুট্টোর নাম জড়িয়ে দেওয়ায় সাত বছর ধরে তিনি পরিবার থেকে আলাদা বসবাস করছেন। বিভিন্ন অপরাধীকে প্রতিহত করতে গিয়ে ভুট্টো নিজেই এক সময় অপরাধে জড়িয়ে পড়েন। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম ছিলেন। তাঁর বাবার নাম নাসির উদ্দিন, বাসা তাঁতীবাজারের ৪৫/১ প্রসন্ন পোদ্দার লেনে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, ভুট্টোর নামে এই থানায় খুন, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। অনেকে ভয়ে তাঁর নামে মামলা করতে সাহস পায়নি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, চারটি গুলি ও গুলির একটি খোসা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।জানা গেছে, ভুট্টোর বিরুদ্ধে ছয়টি হত্যাসহ বিভিন্ন থানায় মোট ২২টি মামলা রয়েছে। গত ১৩ জানুয়ারি ভোরে ইংলিশ রোডে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ভুট্টোর অন্যতম সহযোগী শেখ শাহ আলম ওরফে অপু ওরফে ছোট অপু (২৫) নিহত হন। তাঁর বিরুদ্ধে তাঁতীবাজার ও শাঁখারীবাজার এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ছিল।