পুরান ঢাকায় র্যাবের বিরুদ্ধে লোকজনকে মারধরের অভিযোগ
পুরান ঢাকার বাংলাদেশ মাঠসংলগ্ন ডিসিসি স্টাফ কোয়ার্টারের বাসিন্দাদের র্যাবের সদস্যরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে র্যাব বলছে, মাদক উদ্ধার ও এক মাদক ব্যবসায়ীকে ধরতে সেখানে অভিযান চালানো হয়েছিল। আটক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে এলাকাবাসী র্যাবের ওপর হামলা চালিয়েছে।লালচান নামের স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন, গতকাল বিকেল পাঁচটার দিকে স্টাফ কোয়ার্টারের পাশে একটি ফ্যাক্সের দোকানে তাঁর চাচাশ্বশুর দিলু মিয়া বসা ছিলেন। এ সময় সাদা পোশাকে কয়েকজন এসে তাঁকে মারধর শুরু করেন। চিৎকার শুনে অন্যরা এগিয়ে গেলে সাদা পোশাকধারীরা নিজেদের র্যাবের সদস্য বলে পরিচয় দেন। তাঁরা দিলু মিয়া ও তাঁর ভাতিজা শরীফকে আটক করেন। এ সময় বাসিন্দারা শরীফকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে র্যাব-১-এর একটি দল ঘটনাস্থলে এসে তাদের মারধর এবং আরও তিনজনকে আটক করে।অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-১-এর ক্যাপ্টেন আহমদের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দিলু মিয়া মাদক ব্যবসায়ী। তাঁকে ছিনিয়ে নিতে বাসিন্দারা র্যাবের ওপর হামলা চালালে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। ওই ফ্যাক্সের দোকান থেকে ৮৭১টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।