জামায়াতের ডাকা হরতালের সমর্থনে আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার শ্যামপুর থানাধীন করিম উল্লাহবাগ এলাকায় শিবিরের কর্মীরা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ দুটি ককটেলসহ শিবিরের চার কর্মীকে আটক করে। এ ছাড়া সকাল নয়টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখার ৩০-৩৫ জন কর্মী পুরান ঢাকার ফরাশগঞ্জ এলাকার রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং ছয়-সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।
এদিকে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে সূত্রাপুর থানার বানিয়ানগর এলাকায় নিজ বাসা থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. মুকুলকে আটক করা হয়েছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, নাশকতার অভিযোগে মুকুলকে আটক করা হয়েছে।