পুরান ঢাকায় সকালের নাশতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার কলতাবাজারের নাসির উদ্দিন সরদার লেনে একটি রেস্তোরাঁয় চলছে নাশতা তৈরি l ছবি: প্রথম আলো
পুরান ঢাকার কলতাবাজারের নাসির উদ্দিন সরদার লেনে একটি রেস্তোরাঁয় চলছে নাশতা তৈরি l ছবি: প্রথম আলো

সিরাজুল হক বাসায় সকালের নাশতা করেন খুব কম। বললেন, ‘বাসায় এমন ভাজি পাব কই!’ তিনি দেশবন্ধু সুইটমিট ও রেস্টুরেন্টে নিয়মিত আসেন রুটি-ভাজি খেতে। পুরান ঢাকার খাবারের ঐতিহ্য নতুন নয়। আর সকালের নাশতার জন্যও খ্যাতি আছে নতুন-পুরোনো অনেক রেস্তোরাঁর।
মতিঝিলের ৯/আই রোডের দেশবন্ধু সুইটমিট ও রেস্টুরেন্ট লিমিটেড। রেস্তোরাঁটির বয়স ৫৮ বছর। এর ব্যবস্থাপক রবি
সরকার বলেন, ‘অনেক দূর থেকেও মানুষ আসে। রুটি, পরোটা আর ভাজিটাই বেশি চলে।’ তাঁদের পাঁচফোড়নের খিচুড়ির ভক্তও অনেকে। এ ছাড়া হালুয়া, ডাল, ডিমও পাওয়া যায় সকালের নাশতায়। সঙ্গে বাড়তি রয়েছে নানা স্বাদের মিষ্টি। ২৭ থেকে ৫০ টাকায় একজনের নাশতা হয়ে যায়। প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত সকালের নাশতার পর্ব চলে। তবে এ খাবারগুলো সব সময়ই পাওয়া যায়।
পুরান ঢাকার নর্থব্রুক হল রোডে ছোট্ট একটি দোকান চৌরঙ্গী রেস্টুরেন্ট। স্থানীয় ব্যক্তিদের কাছে বেশ জনপ্রিয়। দোকানের কর্মচারী মো. ইউসুফ ১৯৯৬ সাল থেকে এখানে কাজ করেন। তিনি বলেন, দোকানের বয়স প্রায় ৯০ বছর হবে। সকালে নাশতা খেতে অনেকেই আসেন। এখানে পাওয়া যাবে লুচি, ডাল, ডিমের মামলেট আর চা। ১৪ থেকে ৩৫ টাকায় একজনের খাওয়া হয়ে যাবে। সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকালের নাশতা পাওয়া যায়। নয়টা থেকে ভিড় বেড়ে যায়।
ক্রাম্প চপের জন্য বিখ্যাত ক্যাফে কর্নারেও সকালের নাশতার জন্য ভালোই ভিড় জমে। গোলাম মাওলা ১০ বছর ধরে এ দোকানে আসেন। বললেন, ‘এখানেই খাওয়া পড়ে বেশি।’ লুচি-পরোটা, ডাবল ডিম পোচ, ডাল, ভাজি ও মুরগির গিলা-কলিজা পাওয়া যায়। ব্যবস্থাপক অনিল মিত্র বলেন, ২৫ থেকে ৫০ টাকায় নাশতা হয়ে যায়। এটিও নর্থব্রুক হল রোডে অবস্থিত।
অপু তালুকদার কলকাতা থেকে আসা তাঁর এক আত্মীয়কে নিয়ে সকালের নাশতা খেতে বের হয়েছিলেন। সোজা চলে এসেছেন হোটেল আল-রাজ্জাক অ্যান্ড রেস্টুরেন্টে। নিজে ১৭ বছর ধরে এখানে নাশতা করেন। তাই ভিনদেশি স্বজনকেও সেখানে নিয়ে এসেছেন। বললেন, ‘এখানকার ডাইল-গোশতের তুলনা নাই।’
বংশাল রোডের আল-রাজ্জাক পুরান ঢাকার খাবারের জন্য এমনিতেই জনপ্রিয়। সময়মতো না গেলে অনেক খাবারই পাওয়া যায় না। গত বুধবার সকাল সাড়ে নয়টায় গিয়ে দেখা যায়, খাসির পায়া শেষ। অনেক খাবারই ততক্ষণে শেষ হয়ে গেছে।
খাবার পরিবেশনকারী তোফাজ্জল হোসেন বলেন, সবচেয়ে বেশি চাহিদা খাসির পায়া, স্যুপ ও খিচুড়ির। প্রতি শুক্রবার পাওয়া যায় স্পেশাল তেহারি। ৪০ থেকে ৫০০ টাকায় এখানে রকমভেদে সকালের নাশতা পাওয়া যায়। আল-রাজ্জাকে পছন্দমতো খেতে হলে সকাল নয়টার আগে যেতে হবে।
সকালের নাশতার জন্য জনসন রোডের স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, জয়কালী মন্দিরের হোটেল সুপার লিমিটেড, নাজিরা বাজারের হাজির বিরিয়ানি এবং লালবাগের রয়েল রেস্টুরেন্টও বেশ জনপ্রিয়। এ ছাড়া পুরান ঢাকার অলিগলিতে প্রায় সব ধরনের খাবার হোটেলেই রকমফেরে সকালের নাশতা পাওয়া যায়।