আবাসিক ভবন ও গুদামে ঝুঁকিপূর্ণভাবে রাসায়নিক পদার্থ রাখা এবং অগ্নিপ্রতিরোধের যথাযথ ব্যবস্থা না থাকায় ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার পুরান ঢাকার একটি প্রতিষ্ঠানের সাতটি গুদাম সিলগালা করেছেন। এ ছাড়া একটি তার তৈরির কারখানাও বন্ধ করে দেন আদালত।এর আগে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একই কারণে চারটি গুদাম বন্ধ করে দেওয়া হয়।পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনার পর বসতবাড়িতে রাসায়নিক পদার্থের গুদাম নিয়ে এলাকাবাসীর মনে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সশরীরে এসে বা ফোনে গুদামঘরের সন্ধান দিচ্ছেন। গতকাল বেলা সোয়া ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত চকবাজার থানার জয়নাগ রোডের ‘ইউরো এশিয়া ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। প্রতিষ্ঠানের মালিক হাজি বুলবুল ফায়ার সার্ভিস থেকে সনদ না নিয়েই আবাসিক বাড়িতে সাতটি রাসায়নিক পদার্থের গুদাম করেন। অভিযানের খবর পেয়ে স্থানীয় অনেক বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা অভিযোগ করেন, ১৯৮৮ সালে এই বাড়িরই রাসায়নিক পদার্থের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন একটানা তিন দিন আগুন জ্বলেছিল। এলাকার লোকজন আরও জানান, ঘটনার প্রতিবাদ করতে গিয়ে অনেকেই মামলার শিকার হয়েছেন। আদালত সূত্র জানায়, হাজি বুলবুলের গুদামে উচ্চমাত্রার দাহ্যপদার্থ পাঁচ হাজার ১৫০ বস্তা রেজিন এবং অপেক্ষাকৃত কম মাত্রার দাহ্যপদার্থ ১০ হাজার ২৫০ বস্তা প্লাস্টিক দানা ছিল।ফায়ার সার্ভিসের সনদ ছাড়া গুদাম তৈরি করায় এবং অগ্নিপ্রতিরোধের ব্যবস্থা না থাকায় আদালত অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩ অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক হাজি বুলবুলের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইমাম উদ্দিনকে উপস্থিত পেয়ে আদালত তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে আদালত গুদাম সাতটি সিলগালা করে চকবাজার থানার হেফাজতে দেন। ব্যবস্থাপক ইমাম উদ্দিনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি আদালতের রায় মেনে নিয়েছেন বলে জানান। পরে আদালত পাশের গ্লোব ওয়্যার ইন্ডাস্ট্রিজ নামের জিআই তার তৈরির কারখানায় অভিযান চালান। সেখানে সালফিউরিক এসিড ব্যবহার হয়ে আসছিল। এ প্রতিষ্ঠানটি ফায়ার সার্ভিস থেকে সনদ নিলেও অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা রাখেনি। মালিক উপস্থিত না থাকায় আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক জহুরুল আমিন মিয়া প্রথম আলোকে বলেন, ‘হাজি বুলবুল ফায়ার সার্ভিসের সনদ নেননি। এ ছাড়া সেখানে বিভিন্ন মাত্রার দাহ্য পদার্থ রাখা রয়েছে। আগুন ধরে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে।’ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, ‘নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁরাই কেবল বিষয়টি উপলব্ধি করতে পারছেন।’ তিনি আবাসিক বাড়িতে রাসায়নিকের গুদাম ভাড়া না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। গতকালের এ অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিস, র্যাব-২ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।