পুরান ঢাকায় সোনার দোকানে ডাকাতি
পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে গতকাল বুধবার রাতে একটি সোনার দোকানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের বোমার আঘাতে দোকানের কর্মচারী গাজী মোহাম্মদ সালাউদ্দিন (৪৫) ও আশরাফউদ্দিন (২২) আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত আটটার দিকে তিন ব্যক্তি বংশাল থানাধীন ১০৩ কাজী আলাউদ্দিন রোডে নিউ জোনাকী জুয়েলার্সে ঢোকেন। তাঁরা ক্রেতার মতো স্বর্ণালংকার দেখার একপর্যায়ে রিভলবার বের করে কর্মচারীদের জিম্মি করে স্বর্ণালংকার লুটে নেন। ডাকাতেরা চলে যাওয়ার সময় কর্মচারীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে তারা বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমার আঘাতে দুই কর্মচারী আহত হন। খবর পেয়ে বংশাল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে তিন ডাকাত ঢুকলেও রাস্তায় আশপাশে আরও ১০-১২ জন ডাকাত ছিল। ওই দোকানের মালিক নুরুল ইসলামের দাবি, ৩০০ ভরির বেশি স্বর্ণালংকার লুট হয়েছে। ওই সময় তিনি দোকানে ছিলেন না।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস বলেন, কী পরিমাণ স্বর্ণালংকার ডাকাতি হয়েছে, তার হিসাব চলছে। কর্মীদের শনাক্তের ভিত্তিতে ডাকাত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।