রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড বালুঘাট এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় কফিরুন্নেসা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া রাজধানীর শ্যামপুরে আবদুল্লাহ (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল পৌনে ১০টার দিকে কফিরুন্নেসা নাতি ইসমাইল হোসেনের সঙ্গে বাসে করে পুরান ঢাকার মিটফোর্ড নলগোলায় নামেন। রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-০৯৯৮) কফিরুন্নেসাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। চালক তাঁর ওপর দিয়ে ট্রাক চালিয়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। আশপাশের লোকজন ঘাতক ট্রাক, চালক ফারুক হোসেন ও তাঁর সহযোগী আবদুস সালামকে আটক করে পুলিশে সোপর্দ করে। জানা গেছে, কফিরুন্নেসা বরিশাল জেলার হিজলা থানার ছয়গাঁ গ্রাম থেকে কয়েক দিন আগে রাজধানীর মোহাম্মদপুরে মেয়ের বাসায় বেড়াতে আসেন। গতকাল তিনি গ্রামের বাড়িতে ফিরছিলেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ প্রথম আলোকে জানান, এ ব্যাপারে নিহতের ছেলে আবদুল মালেক বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। গতকাল সকাল সাড়ে আটটার দিকে পুলিশ পোস্তগোলার করিমুল্লাহবাগ এলাকার জনতা ব্যাংকের নিচের গলি থেকে আবদুল্লাহর ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশটি লোহার আংটার সঙ্গে নাইলনের রশি পেঁচানো ছিল। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মৃত আবদুল্লাহর বাবার নাম আতাউর রহমান। গ্রামের বাড়ি কেরানীগঞ্জের উত্তর ধর্মশূর এলাকায়। তিনি পরিবারের সঙ্গে ৬৪/১, নবীনচন্দ্র গোস্বামী রোডের বাসায় থাকতেন। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, কী কারণে আবদুল্লাহ গলায় ফাঁস দিয়েছেন, পরিবারের লোকজন তা জানাতে পারেননি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।