পুরুষ বন্দীদের কেরানীগঞ্জে স্থানান্তর চলতি মাসেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ ইফতেখার উদ্দিন
সৈয়দ ইফতেখার উদ্দিন

ঢাকা কেন্দ্রীয় কারাগার পুরান ঢাকার নাজিম উদ্দিন রোড থেকে কেরানীগঞ্জে স্থানান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া কাল রোববার শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রক্রিয়ার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দিন। গতকাল শুক্রবার কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, পুরুষ কারাগারের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, মহিলা কারাগারের কাজ চলছে। চলতি মাসের যেকোনো শুক্রবার সব পুরুষ বন্দীকে একসঙ্গে নতুন কারাগারে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। মহিলা কারাগার নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত নাজিম উদ্দিন সড়কের কারাগারের মহিলা বন্দীদের কাশিমপুর কারাগারে রাখা হবে। তিনি বলেন, আগের কেন্দ্রীয় কারাগারে দুই হাজার ৬৮৪ জনের জায়গায় প্রায় আট হাজার বন্দী থাকেন। বন্দীদের আবাসন সমস্যার সমাধান, তাঁদের মানবাধিকার রক্ষা এবং বন্দী হিসেবে ‘জেল কোড’ অনুযায়ী প্রাপ্য নিশ্চিত করতেই কেরানীগঞ্জে কারাগার নির্মাণ করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, বর্তমানে কারারক্ষী আছেন ৭৫০ জন। এর মধ্যে প্রতিদিন ২৫০ কারারক্ষীকে ঢাকার ১৩টি হাসপাতালে বন্দীদের পাহারায় থাকতে হয়। বাকি ৫০০ জনকে দিয়ে আট হাজার বন্দী পাহারা দেওয়া হয়। শিগগির জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।
নতুন কারাগারে নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল জ্যামার ও লাগেজ স্ক্যানার বসানো হবে জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, বন্দীদের মাদক সেবন ও মুঠো ফোনে কথা বলা বন্ধ করতে অভিযান অব্যাহত থাকবে। কারাভবন নির্মাণকাজের নিম্নমানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী কিছু সমস্যার সমাধান করা হয়েছে, অন্যগুলোর সমাধানও করা হবে।