পুরুষ শিক্ষকের দাবিতে বিদ্যালয়ে তাণ্ডব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষকের সবাই নারী। পুরুষ শিক্ষক নিয়োগের দাবিতে শুক্রবার রাতে দুর্বৃত্তরা ওই বিদ্যালয়ের সব কটি তালা নষ্ট করে ভাঙচুর চালিয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চৌগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কর্মরত ১১ জন শিক্ষকের সবাই নারী। কয়েক দিন আগে বিদ্যালয়ের একমাত্র পুরুষ শিক্ষক সাইফুল ইসলামকে বদলি করা হয়। গত ১২ এপ্রিল ওই পদে সাহিদা সুলতানা নামের আরও এক নারী শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ অবস্থায় শুক্রবার রাতে কে বা কারা বিদ্যালয়ের সব কক্ষের তালা নষ্ট করে ও বিদ্যালয়ে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালায়। গতকাল শনিবার সকালে প্রধান শিক্ষক অর্পণা রাণী বিদ্যালয়ে এসে কোনো তালাই খুলতে পারেননি। বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা চলতে থাকায় শিক্ষার্থীরাও বিপাকে পড়ে।খবর পেয়ে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বিদ্যালয়ে আসেন। তাঁদের উপস্থিতিতে বিশেষ ব্যবস্থায় তালাগুলো খোলা হয়। এ সময় স্থানীয় লোকজন নির্বাহী কর্মকর্তাকে বিদ্যালয়ে পুরুষ শিক্ষক নিয়োগের দাবি জানান। এলাকাবাসী অভিযোগ করেন, শিক্ষিকারা তাঁদের সন্তান নিয়ে বিদ্যালয়ে আসেন। তাই তাঁরা যথাযথভাবে পাঠদান করতে পারেন না। নির্বাহী কর্মকর্তা তাঁদের দাবি বিবেচনারও আশ্বাস দেন।ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা ঘটনাটি ঘটিয়েছে, তা উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে এলাকাবাসী পুরুষ শিক্ষকের দাবি জানিয়েছে। এই ক্ষোভ থেকেও ঘটনাটি ঘটতে পারে।