পুরুষদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বামী তাঁকে স্বপ্ন দেখতে সহায়তা করেছিলেন। আজ নারী নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের পুরুষ ভাইদেরও এগিয়ে আসতে হবে।’

রোকেয়া দিবস উপলক্ষে আজ বুধবার মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। শোভাযাত্রাটি রাজধানীর ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয় থেকে শুরু হয়ে শাহবাগে জাতীয় জাদুঘরে গিয়ে শেষ হয়।

প্রতিমন্ত্রী বলেন, রোকেয়ার স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশে আজ নারী জজ, নারী ব্যারিস্টার, নারী পুলিশ, নারী সাংবাদিক, নারী সচিব, নারী উপাচার্য, নারী প্রধানমন্ত্রী, নারী বিরোধীদলীয় নেতা, নারী স্পিকার সবই হয়েছেন। কিন্তু তার পরও প্রায় প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহিন আহমেদ চৌধুরী প্রমুখ।