পুরুষদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার বেড়েছে
দেশের দুটি উপজেলা ও রাজধানীর চারটি ওয়ার্ডে পুরুষদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারের হার বেড়েছে। ২০০৭ সালের এপ্রিলের আগে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় প্রতি মাসে গড়ে ১১৮ জন পুরুষ প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানতে স্বাস্থ্যকেন্দ্রে যেতেন। আর ২০০৯ সালের জানুয়ারির পর তা বেড়ে দাঁড়ায় ৪১৯ জনে। একই সময়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় এ সংখ্যা ৭৪ জন থেকে বেড়ে ৩১৮ জনে দাঁড়িয়েছে। সরকারের জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (নিপোর্ট) এক প্রকল্পের কারণে এই পরিবর্তন হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে চাহিদাভিত্তিক প্রজনন স্বাস্থ্যপণ্য-বিষয়ক প্রকল্প নিয়ে এক সেমিনারে এ তথ্য জানানো হয়। আয়োজক ব্যক্তিরা জানান, নবীগঞ্জ ও রায়পুর উপজেলা এবং রাজধানীর খিলগাঁওয়ের তিনটি ও মোহাম্মদপুরের একটি ওয়ার্ডে প্রকল্পটি বাস্তবায়িত হয়। ২০০৫ সালের আগস্টে প্রকল্পটি শুরু হয়ে এ বছরের সেপ্টেম্বরে শেষ হয়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও কানাডার দাতা সংস্থা সিডা এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দেয়। ফলাফলে দেখা গেছে, রাজধানীর খিলগাঁও ও মোহাম্মদপুরের বস্তিতে ২০০৭ সালের এপ্রিলের আগে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ছিল ৫১ শতাংশ। ২০০৯ সালের জানুয়ারির পরে তা বেড়ে দাঁড়ায় ৫৯ শতাংশে। একই সময়ে রায়পুরে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ৪৩ শতাংশ থেকে বেড়ে ৪৪.৫ শতাংশে এবং নবীগঞ্জে ১৯.৭ শতাংশ থেকে বেড়ে ৩০ শতাংশে দাঁড়িয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প এলাকার ঢাকার অংশে পুরুষদের কনডম ব্যবহারের হার বেড়ে ৮৭.২, রায়পুরে ৮৭.৫ ও নবীগঞ্জে ৭৭.৩ শতাংশে দাঁড়িয়েছে।নিপোর্টের পরিচালক (গবেষণা) এ এম এম আনিসুল আউয়াল প্রথম আলোকে বলেন, প্রকল্প এলাকার স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ ও বসার জায়গার ব্যবস্থা, দরজা-জানালা মেরামত, টয়লেট উন্নত করা, নলকূপ বসানোসহ সেবা সহায়ক কাজ করা হয়। ফলে স্বাস্থ্যকেন্দ্রে আগের চেয়ে সেবার মান বেড়েছে এবং বেশি মানুষ সেখানে যাচ্ছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ঠিকমতো স্বাস্থ্যসেবা না পাওয়ার কারণেই চাহিদাভিত্তিক স্বাস্থ্যসেবার প্রয়োজন দেখা দিয়েছে। নিপোর্টের মহাপরিচালক কে সি মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্যসচিব হুমায়ুন কবির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বেগম দিলরুবা, ইউএনএফপিএর এ দেশীয় সহকারী প্রতিনিধি (ডেপুটি রিপ্রেজেন্টেটিভ) ইউকি সুয়েহিরো প্রমুখ বক্তব্য দেন।