পুরুষদের সঙ্গে লড়েই জিততে চান তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর পরিষদে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ওয়ার্ড পর্যায়ে সংরক্ষিত কাউন্সিলর পদ সৃষ্টি করা হয়েছে। এসব পদে শুধু নারীরাই অংশ নিতে পারেন। তাই বলে সাধারণ কাউন্সিলর ও মেয়র পদে নারীরা অংশ নেবেন না, তা তো হয় না। সংখ্যায় কম হলেও দেশের বিভিন্ন পৌরসভায় এসব পদে পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারীরা। জয়ের ব্যাপারেও তাঁরা আশাবাদী। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: রাজশাহীর ১১টি পৌরসভায় মেয়র পদে ৫৯ জনের মধ্যে নারী প্রার্থী মাত্র একজন। তিনি চারঘাট পৌরসভার নার্গিস খাতুন। স্নাতক পাস নার্গিস পেশায় গৃহিণী, প্রতীক আনারস। উপজেলা সদরের বাসিন্দা এই প্রার্থীর স্বামী রাহেনুল হক মুক্তিযোদ্ধা এবং চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ।নার্গিস খাতুনের সমর্থকেরা জানান, ত্যাগী এই পরিবারের জন্য তাঁরা নিজ খরচে মাঠে নেমেছেন। মেরামতপুর মহল্লার কৃষক মোকছেদ আলী (৭০) বলেন, ‘আমরা নিজের পকেটের পয়সা খরচ কইরি আনারসের ভোট করতিচি, ওঁই গরিব মানুষ কইত্থাকি দিবি।’ চারঘাট বাজারের ব্যবসায়ী এনামুল হক (৫৫) বলেন, ‘আমাদের প্রার্থীর তো পয়সা-কড়ি নাই। তা-ও সাধারণ মানুষ মরিয়া হয়ে ছুটছে।’নার্গিস খাতুনের হলফনামায় দেখা যায়, তাঁর স্বামীর ৩৩ শতাংশ কৃষি, ৩৩ শতাংশ অকৃষি জমি ও একটি বসতবাড়ি রয়েছে। ব্যাংকে নার্গিস খাতুনের নামে রয়েছে পাঁচ হাজার টাকা এবং তাঁর স্বামীর নামে রয়েছে এক হাজার টাকা। নিজের নগদ টাকা রয়েছে ৫০ হাজার এবং স্বামীর ৮০ হাজার। তাঁর সম্ভাব্য নির্বাচনী খরচ এক লাখ ৩৬ হাজার টাকা। এই খরচ মেটানোর জন্য তাঁর সম্ভাব্য আয়ের উৎস হচ্ছে নিজের সংসারের খরচের উদ্বৃত্ত থেকে পাঁচ হাজার টাকা, স্বামীর আয় থেকে এক লাখ টাকা, দুজন আত্মীয় আকিমুদ্দিন ও হাকিম সরকারের এক লাখ টাকা এবং জালাল উদ্দিন নামের অন্য এক ব্যক্তির পাঁচ হাজার টাকার অনুদান।গত সোমবার সকালে নার্গিস খাতুন পৌর এলাকার থানাপাড়ায় গণসংযোগ করছিলেন। তিনি বলেন, ‘আমরা নারীরা ঘরকন্নার কাজের পাশাপাশি দেশের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। এ জন্য আমাকে ভোট দেবেন। আমি আপনাদের পবিত্র দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব।’শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তির পৌরসভা নির্বাচনে সরাসরি দুই নারী মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন। এঁদের মধ্যে মেয়র পদে নয়জন পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে বিলকিছ বেগম এবং ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে চার পুরুষ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়ছেন সেলিনা বেগম। মেয়র পদে এই পৌরসভায় অন্য যাঁরা লড়ছেন, তাঁরা হলেন বর্তমান মেয়র মো. মোশারফ হোসেন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির, পৌর আওয়ামী লীগের সদস্য মিহির সাহা, আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন মিয়াজী, পৌর বিএনপির সভাপতি মো. আবুল খায়ের, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মোস্তফা কামাল ও গণফোরামের মুহাম্মদ সরওয়ার মোরশেদ। এঁদের মধ্যে আনোয়ার হোসেন মিয়াজী বিলকিছ বেগমের স্বামী।বিলকিছ বেগম বলেন, নারীর ক্ষমতায়ন, নারী অধিকার বাস্তবায়ন ও সংরক্ষণকে সামনে রেখেই তিনি প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে পৌরবাসীর সুখে-দুঃখে সব সময় পাশে থেকে তাদের সেবায় নিয়োজিত থাকবেন।কাউন্সিলর প্রার্থী সেলিনা বেগমের সঙ্গে লড়ছেন বর্তমান কাউন্সিলর মো. বাহার উদ্দিন, মো. মকবুল আহম্মেদ চৌধুরী, গাজী মো. কবির হোসেন ও শাহাদাত হোসেন। সেলিনা বেগম বলেন, নারীর ক্ষমতায়ন, ইভ টিজিং প্রতিরোধসহ নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ঈশ্বরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুন্নাহার পারভিন দুই পুরুষ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছেন হরিণ প্রতীক নিয়ে। পারভিন বলেন, ‘এত দিন কেউ সাহস করে পুরুষদের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় না এলেও আমার অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনে অনেকেই এভাবে নির্বাচনে অংশ নিতে সাহস পাবেন।’নুরুন্নাহার পারভিন ঈশ্বরগঞ্জ পৌর শহরের সুপার মার্কেটে একটি কাপড়ের দোকান দিয়ে ইতিমধ্যে আলোচনায় এসেছেন। এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. শহিদুল ইসলাম ও মো. শহিদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।