মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে একজন খুন হওয়ার পর গ্রেপ্তার ও প্রতিপক্ষের হামলার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে দক্ষিণ সিডি খান গ্রাম।
গ্রামের নারীদের অভিযোগ, উপজেলার চর দৌলতখান ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান সরদারের সমর্থকদের বাধার মুখে তাঁরা তিনটি বিলের ১৫ একর জমির আমন ধান কাটতে পারছেন না। জমির ধান জমিতেই নষ্ট হচ্ছে।
ইউনিয়নের দক্ষিণ সিডি খান গ্রামের অনেকে জানান, মান্নানের সমর্থক মোক্তার হাট গ্রামের আবদুর রশিদ বেপারীর ছেলে বাবুল বেপারী গত ৩১ অক্টোবর বর্তমান ইউপি চেয়ারম্যান চান মিয়া শিকদারের সমর্থকদের হাতে খুন হন। এর জের ধরে পরদিন মান্নানের সমর্থকেরা গ্রামে হামলা চালিয়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। নিহত বাবুল বেপারীর বাবা আবদুর রশিদ বেপারী একই দিন ৩২ জনের বিরুদ্ধে কালকিনি থানায় হত্যা মামলা করেন।
এর পর থেকে চান মিয়ার সমর্থক দক্ষিণ সিডি খান গ্রামের লোকজন প্রতিপক্ষের হামলা ও পুলিশের গ্রেপ্তার আতঙ্কে বাড়িঘর ছেড়ে চলে যান। এতে মোক্তার হাট বিল, বড় বিল ও দক্ষিণ সিডি খান বিলের ১৫ একর জমির ধান মাঠেই পড়ে নষ্ট হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, গ্রামের নারীরা ঘরে বসে আছেন। কয়েকবার ডাকার পর এক নারী বের হয়ে আসেন। তিনি জানান, তাঁরা হামলার আশঙ্কায় আছেন। মান্নান সরদারের সমর্থকেরা রাতে এসে হুমকি দিয়ে যান বলে তিনি অভিযোগ করেন।
এ সময় অন্য ঘর থেকে নারীরা বের হয়ে আসেন। গ্রামের আলাল শিকদারের স্ত্রী সায়েদা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, খুনের ঘটনার পরই তাঁর স্বামী নারায়ণগঞ্জে ছেলেদের কাছে চলে যান। কিন্তু সেখান থেকেও তাঁকে আটক করে পুলিশে দেয় মান্নানের সমর্থকেরা।
আক্কাস আলী ঘরামীর স্ত্রী দেলোয়ারা বেগম জানান, ‘ঘরের পোলাপান থেকে শুরু কইরা বুড়া পর্যন্ত কোনো পুরুষ বাড়ি নাই। আইজ আমি, আমার মাইয়া ও পোলার বউরে লইয়া ধান কাটতে গেলে তারা (মান্নান সরদারের লোকজন) কাটতে দেয় নাই।
আবদুল মান্নান সরদার বলেন, ‘ধান কাটতে না দেওয়ার কথা ঠিক নয়। আমরা বাবুলের হত্যাকারীদের বিচার চাই। যারা নির্দোষ তাদের কোনো ভয় নেই।’
কালকিনি ওসি মো. নাজমুল হুদা বলেন, ‘ধান কাটতে দেওয়া হচ্ছে না—এমন কোনো অভিযোগ আমাদের কাছে নেই। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’