পুরুষের সমান কাজ, কিন্তু মজুরি এখনো কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ডিসি সড়ক মেরামতের কাজ করছেন রুপিয়া খাতুন (৩৭), নূরজাহান বেগম (৩৬), মরিয়ম বেগম (২৭) ও জরিনা খাতুন (৩১)। তাঁদের কেউ বালু-কংক্রিট দিয়ে গর্ত ভরাটের কাজ করছেন, কেউ আগুন দিয়ে বিটুমিন গরম করে পিচ তৈরির কাজ করছেন। একই কাজ করছেন ১২-১৩ জন পুরুষ শ্রমিকও। কিন্তু দিন শেষে পুরুষেরা মজুরি পাচ্ছেন ২০০ টাকা, আর নারীশ্রমিকেরা পাচ্ছেন ৮০ টাকা করে।সড়ক মেরামতকাজের প্রতিনিধি সিরাজুল ইসলাম জানান, নারীশ্রমিকের মজুরি পুরুষশ্রমিকের অর্ধেকেরও কম। কারণ নারীরা পুরুষের সমান কাজ করতে পারেন না। কিন্তু নারীশ্রমিকদের দাবি, তাঁরা পুরুষদের সমান কাজ করেন।রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার সংস্থার তথ্যানুযায়ী রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়নে দুই হাজার ১০০ থেকে ৩০০ নারীশ্রমিক রয়েছেন। যাঁরা রাঙ্গুনিয়ার বিভিন্ন উন্নয়ন ও উত্পাদন খাতে শ্রম দিয়ে জাতীয় উন্নয়নে অবদান রাখছেন।উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি জহুরুল আনোয়ার প্রথম আলোকে জানান, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নারী ও পুরুষের মজুরি সমান করা হয়েছে। সে হিসেবে নারী ও পুরুষশ্রমিক যে কাজই করুক, তাঁরা সমান মজুরির দাবিদার। তিনি আরও জানান, ন্যায্য মজুরি আদায় ও পারিবারিক নির্যাতন রোধে নারীদের সচেতন হতে হবে। মজুরি বৈষম্য ও নির্যাতনের শিকার হলে আইনের আশ্রয় নিতে হবে।রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী জানান, নারীশ্রমিকেরা পুরুষশ্রমিকের সমান মজুরি পান না, তা সত্যি। কিন্তু সমান মজুরি আদায়ে নারীশ্রমিকেরা এ পর্যন্ত কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।যশোর সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামের ধানখেতে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন চাউলিয়া গ্রামের আমেনা খাতুন (৫০)। আক্ষেপের সুরে তিনি বললেন, ‘সহাল আটটায় আইসে তিনডেই যাইয়ে আমাগে দেয় ৮০ টাহা। আর এক ঘণ্টা আগে দুপুর দুডোই যাইয়ে বিটাগের দেয় ১২০ টাহা। স্বামী মোরে গেছে চার বছর আগে। চারডে ছেলেপিলে। বিয়ের লায়েক দুই মেয়ে। আমাগের কিডা দ্যাকপে?’চাউলিয়া ও ঘোড়াগাছা গ্রামের আমেনা খাতুন, সবেদা খাতুন, পারভীনা বেগম, মিজানুর রহমান ও ইদ্রিস আলী একই মাঠের ধানখেতে আগাছা পরিষ্কারের কাজ করছেন। এ সময় দৈনিক মজুরির ব্যাপারে জানতে চাইলে পারভীনা বেগম বলেন, ‘মালিকেরা আমাগের মূল্যায়ন করে না। অথচ বিটাগের চাইয়ে আমরা বেশি কাজ করি। তাঁরা বিড়ি-সিগারেট খাওয়ার জন্যি ঘণ্টায় ঘণ্টায় রেস্ট নিয়ে কাজে ফাঁকি দেন।’বিড়ি খাওয়ার জন্য বিশ্রাম নিতে আসা মিজানুর রহমান বলেন, ‘আমরা যতই বিড়ি খাওয়ার জন্য বিশ্রাম নিই—মদ্দা (পুরুষ) মানুষের কাজের সঙ্গে মেয়ে মানুষ কি পারে?’ মাঠে থাকা জমির মালিক আলেয়া বেগম জানান, পুরুষদের চেয়ে মহিলারা কাজ কম করতে পারেন। তাই তাঁদের হাজিরাও (মজুরি) কম। শুধু কৃষিকাজে নয়, ইমারত নির্মাণ, রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ, মাটি কাটাসহ বিভিন্ন কাজে নারী-পুরুষের মজুরি বৈষম্য রয়েছে।যশোরে বাস্তবায়িত হওয়া ‘গ্রামীণ অপ্রাতিষ্ঠানিক নারীশ্রমিকদের অধিকার প্রাতিষ্ঠানিকীকরণ’ প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী নাসিরউদ্দিন বিশ্বাস জানান, সরকারি বিধি অনুযায়ী সাড়ে তিন কেজি চালের বর্তমান মূল্যের সমান একজন শ্রমিকের দৈনিক মজুরি হওয়ার কথা। এটিই শ্রমিকের ন্যায্য মজুরি। কিন্তু সেটি হচ্ছে না। নারীদের ক্ষেত্রে মজুরির শোষণটা বেশিই হয়। তিনি আরও জানান, এসব বিষয়ে যশোর সদর উপজেলায় ছয়টি কেন্দ্রে তিন শতাধিক নারীশ্রমিককে সপ্তাহে দুই দিন সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সভানেত্রী হাবিবা শেফা প্রথম আলোকে বলেন, ‘শুধু মজুরির ক্ষেত্রেই নয়। সরকারি আইনের মধ্যেই রয়েছে নারীদের নানা বৈষম্য। এসব বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে।’ তবে নারীদের সমান সুযোগ দিতে সরকারকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।