পুরুষের সমান কাজেও নারীর মজুরি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্যাটাগো থেইক্যা কী আমরা কাজ কম করি? হেরা (পুরুষ) বিড়ি খাওয়ার লেইগ্যা ঘণ্টায় ঘণ্টায় জিরায় (বিশ্রাম)। আর আমরা জিরাই না। সকাল থেইক্যা সন্ধ্যা পর্যন্ত কাজ করি। হেরপরও মালিকেরা আমাগো ঠকায়।’

মানিকগঞ্জ সদর উপজেলার ছুটি ভাটবাউর গ্রামের রানু বেগম গতকাল সোমবার প্রথম আলোর কাছে এসব কথা বলেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের জামাল ব্রিকস নামের একটি ইটভাটায় তাঁর সঙ্গে কথা হয়। তাঁর মতোই সেখানে কয়লা ভাঙার কাজে ব্যস্ত উপজেলার ভাটবাউর গ্রামের রুবিয়া বেগম, রৌহাদহ গ্রামের হলকি বেগম, উকিয়ারা গ্রামের রওশন আরাসহ সাতজন শ্রমজীবী নারী।

রুবিয়া বেগম বলেন, ‘স্বামী স্ট্রোক কইর‌্যা পঙ্গু অইয়্যা গেছে সাত বছর আগে। দুই ম্যায়া নিয়্যা চারজনের সংসার। দিন আর কাটে না। না খাইয়্যা থাকলে কেউ জিগায়ও না। বাধ্য অইয়্যা ইটের ভাটায় কাজ নিছি। সকাল থেইক্যা সন্ধ্যা পর্যন্ত খাটি। হেরপর পাই ১৮০ ট্যাহা। আর এক লগে একই কাজ কইর‌্যা ব্যাটারা (পুরুষ) পায় ২৭৫ ট্যাহা। আমরা ম্যায়ালোক দেইহ্যা আমাগো ট্যাহা কম দেয়।’

ইটভাটার ব্যবস্থাপক ওসমান গণি বলেন, ভাটার উৎপাদনের ওপর শ্রমিকের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। পুরুষের থেকে নারী শ্রমিকেরা কাজ কম করেন। এ কারণে তাঁদের পারিশ্রমিক কিছুটা কম।

নারী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এর মানিকগঞ্জ আঞ্চলিক কর্মকর্তা বিমল রায় বলেন, দিনমজুর নারীইমজুরিবৈষম্যের শিকার বেশি হন।অথচ শ্রম আইন অনুযায়ী, সমান কাজে নারী ও পুরুষের মধ্যে মজুরিবৈষম্যের সুযোগ নেই।

গত রোববার সকালে সদর উপজেলার কয়রা গ্রামের মাটি কাটার কাজ করছিলেন দিঘি গ্রামের ময়না বেগম। তিনি বলেন, ভোর ছয়টা থেকে বেলা একটা পর্যন্ত পুরুষদের সঙ্গে কাজ করেন। এরপরও একজন পুরুষ শ্রমিক পান ২৮০ টাকা। আর নারী শ্রমিককে দেওয়া হয় ১৭০ টাকা।

জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, নারীদের সমমজুরির বিষয়টি নিয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার। এ বিষয়ে সরকারের নীতিনির্ধারকেরা আলোচনা করছেন।