পুরুষের সমান তালে প্রচারণায় নারী প্রার্থীরা
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদপ্রার্থীদের সঙ্গে সমান তালে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন সংরক্ষিত নারী ওয়ার্ডের প্রার্থীরাও। সকাল থেকে রাত পর্যন্ত তাঁরা চালাচ্ছেন বিরামহীন প্রচারণা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ৩১ মার্চ এ উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ১২টি ইউপিতে ১৪৬ জন নারী এবার সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩ মার্চ প্রতীক বরাদ্দের পরই তাঁরা নেমে পড়েছেন প্রচারণায়। চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদপ্রার্থীদের মধ্যে বিভিন্ন হুমকি-হামলার অভিযোগ উঠলেও এখন পর্যন্ত সংরক্ষিত সদস্য প্রার্থীদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠেনি।
উপজেলার সাত-আটজন নারী ভোটার জানান, নারী প্রার্থীরা ভোটের আশায় যাচ্ছেন ভোটারের ঘরে ঘরে। এ ছাড়াও মাইকিং, মিছিল ও পোস্টারের মাধ্যমেও গণসংযোগ করছেন। নানা রকম প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠ গরম করে তুলেছেন তাঁরা। হাট-বাজারের চেয়ে নারী প্রার্থীরা ভোটারদের বাড়িতেই বেশি সময় দিচ্ছেন। ওই সময় নারীদের নিয়ে উঠানবৈঠকও করছেন।
উপজেলার ময়দানহাটা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী নূরজাহান বেগম বলেন, ‘সংসারের কাজ করার পাশাপাশি জনসেবা করতে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছি।’
মাঝিহট্ট ইউপির ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী হাওয়া বিবি বলেন, ‘আমি নারী হওয়ায় ভোটারদের একেবারে ঘরে প্রবেশ করে যেকোনো সময় ভোট চাইতে পারছি। নির্বাচিত হতে পারলে এলাকার সমস্যার সমাধান, পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, সর্বোপরি নারীদের উন্নয়নকে অগ্রাধিকার ভিত্তিতে দেখব।’
মাঝিহট্ট ইউপির ভোটার বিলকিছ বেগম বলেন, ‘ভালোই লাগিচ্চে, ম্যায়্যা মানসেও একন পুরুষগুলানের সাতোত তাল দিয়্যা ভুট কর্যাট বেড়াচ্চে।’