রোগীদের জরুরি সেবার জন্য একটি অ্যাম্বুলেন্স আছে। কিন্তু আড়াই বছর ধরে নষ্ট। শৌচাগার আছে, তবে নোংরা। রোগীভর্তি ওয়ার্ড, কিন্তু অপরিচ্ছন্ন। রোগনির্ণয়ের দুটি যন্ত্র আছে। এর একটি নষ্ট, অন্যটি ২৫ বছরের পুরোনো। আর ঠিকমতো সেবা দিতে না পারার অভিযোগের জবাব ‘লোকবলের সংকট’।
এই চিত্র ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। উপজেলার ১৪টি ইউনিয়নের তিন লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবার জন্য করা হয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। সরেজমিনে সেখানে চোখে পড়ল বেসরকারি ক্লিনিকের দালালদের উৎপাত।
হাসপাতাল সূত্র জানায়, এখানে মোট ২০ জন চিকিৎসক কাজ করেন। এর মধ্যে দুজন প্রেষণে ঢাকায় আছেন। সব মিলিয়ে হাসপাতালের মোট জনবল ৬০ জন। প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৩০০ জনের মতো রোগী চিকিৎসা নেন। প্রতিদিন রোগী ভর্তি থাকেন ৯০ জনের মতো। উপজেলার ৩৭টি কমিউনিটি ক্লিনিককে যথাযথভাবে কার্যকর করতে পারলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর চাপ কমত বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালে ঢুকতেই হাতের ডান পাশে জরুরি বিভাগ। একমাত্র কক্ষটি আয়তনে যেমন ছোট, তেমন নোংরা। রোগীদের কেউ এসেছেন ভাঙা পা নিয়ে, কেউ বিষ পান করে। আবার কেউ ক্ষতস্থান পরিষ্কার করাতে এসেছেন। কাজ শেষে নোংরা বেসিনে হাত ধুচ্ছেন খোদ চিকিৎসকেরা।
ভর্তি হওয়া রোগীদের ওয়ার্ড উল্টো দিকে দোতলা ভবনের দোতলায়। নারী ও পুরুষদের দুই ওয়ার্ডে শয্যাসংখ্যা ৩০। কিন্তু রোগী ভর্তি থাকে প্রায় ৯০ জন। ফলে বারান্দায়ও ঠাঁই হচ্ছে অনেকের। ওয়ার্ডে নিয়মিত ঝাড়ু না দেওয়ার চিহ্ন স্পষ্ট। শৌচাগারে ঢুকতে হয় নাক চেপে।
ডায়রিয়ায় আক্রান্ত রোগী সাফিয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘তিন দিন ধরে এখানে আছি। সারা দিনে কেবল সকালে একজন এসে একবার ঝাড়ু দিয়ে গেছে। বাথরুমে পানি ঢেলে দিয়ে গেছে। এরপর আর দেখা মেলেনি কারও।’
লুবনা বেগম নামের একজন রোগী বলেন, ‘খুব বেশি প্রয়োজন না হলে এখানে কেউ টয়লেট ব্যবহার করতে চান না। হাসপাতালের পানিও পান করেন না অনেকে।’
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুন নাহার প্রথম আলোকে বলেন, সাতজন পরিচ্ছন্নতাকর্মী থাকার কথা থাকলেও আছেন চারজন। লোক সংকটের কারণে রোগী ও চিকিৎসকদের ব্যবহারের শৌচাগারের অবস্থা অত্যন্ত নোংরা। এখানে দারোয়ান নেই। পিয়নের কাজ করছেন মালি। তিনি বলেন, ‘বিষয়টি বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। খুব শিগগির লোক নিয়োগ করা হবে বলে আশা করছি।’
নেই অ্যাম্বুলেন্স, আছে দালালদের দৌরাত্ম্য: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি নষ্ট আড়াই বছর ধরে। এই সুযোগে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবসায়ীরা এখানে জেঁকে বসেছেন। হাসপাতালের সামনে অন্তত আটটি বেসরকারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
৩ আগস্ট এই প্রতিবেদক জরুরি বিভাগে থাকা অবস্থায় বিষাক্ত দ্রব্য পান করা একজন রোগী এলেন। চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রোগীর স্বজনেরা বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে কেউই দেড় হাজার টাকার কম যেতে রাজি হননি। ফলে তিনি ৫০০ টাকায় সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে ঢাকায় রওনা দেন।
সকালে জরুরি বিভাগের সামনে কয়েকজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গেল। রোগীর স্বজনেরা জানান, তাঁরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকের দালাল। উন্নত সেবা এবং দ্রুত চিকিৎসার প্রলোভন দেখিয়ে ক্লিনিকে রোগী ভাগিয়ে নেন তাঁরা। সাধারণত যাদের এক্স-রে বা অন্য কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়, তাদের ফাঁদে ফেলার চেষ্টা করেন দালালরা।
কামরুন নাহার বলেন, ‘অ্যাম্বুলেন্সটি ঠিক করতে আড়াই লাখ টাকা লাগবে। আরেকটি অ্যাম্বুলেন্স চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।’ দালালদের বিষয়ে তিনি বলেন, ‘আমি নিজেও হতাশ। কমপক্ষে তিনবার বেসরকারি ক্লিনিক মালিকদের নিয়ে বসেছি। তাঁরা আমাকে কথা দেন তাঁদের লোক (দালাল) আর আসবে না। পরের দিন থেকে আবার আগের মতোই চলতে থাকে।’
যন্ত্র বিকল, চিকিৎসক সংকট: স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় ডেন্টাল সার্জনের কক্ষ। কক্ষে জনা ছয়েক রোগী। কারও মাড়ি দিয়ে রক্ত পড়ে, কেউ এসেছেন দাঁত তুলতে। একটি ‘ডেন্টাল ইউনিট’ (দাঁতের চিকিৎসার যন্ত্র) থাকলেও সেটি বিকল।
মেহেদী হাসান নামের এক রোগী অভিযোগ করে বলেন, এখানে দাঁত তোলা ছাড়া দাঁতের আর তেমন কোনো চিকিৎসাসেবা পাওয়া যায় না।
ডেন্টাল সার্জন রেজানুর রহমান বলেন, ‘অনেকবার একটি নতুন ইউনিট চাওয়া হয়েছে। এটায় বৈদ্যুতিক সংযোগ নেই। এমনকি আমার কক্ষে একটি ছোট এনার্জি বাল্ব ছাড়া তেমন কোনো আলোর ব্যবস্থা নেই। আজও মোবাইলের আলোতে দুজনের দাঁত তুললাম।’
স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে (রঞ্জন রশ্মি) মেশিনটি ১৯৯১ সালে স্থাপন করা। মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও) আবদুল লতিফ জানালেন, দীর্ঘদিনের পুরোনো হওয়ায় যন্ত্রটি খুব ভালো কাজ করে না। বেশির ভাগ রোগীই বাইরে থেকে এক্স-রে করিয়ে আনেন।
বিদ্যুৎ মণ্ডল নামের এক রোগীর স্বজন বলেন, তিনি এখানে ডাক্তার দেখিয়েছেন। কিন্তু ৩০০ টাকা দিয়ে বাইরে থেকে এক্স-রে করাতে হয়েছে।
রোগীদের অনেকেই অভিযোগ করেছেন, তাঁরা প্রয়োজনে চিকিৎসক পান না। খোঁজখবর করে জানা গেল, অন্তত আটজন চিকিৎসক ঢাকায় থাকেন। ঢাকা থেকে এসে তাঁরা অফিস করেন। আবার বেলা একটার পর হাসপাতালের বহির্বিভাগে কোনো চিকিৎসককে পাওয়া যায় না বলে অভিযোগ করলেন জাহাঙ্গীর নামের এক রোগী।
নাম প্রকাশ না করার শর্তে একজন মেডিকেল অফিসার বললেন, ‘ঢাকা থেকে আসা-যাওয়া করি ঠিকই, কিন্তু এখানে কাজে কোনো ফাঁকি দিই না। শুধু আমি নই, এখানকার অনেক চিকিৎসকই ঢাকায় থাকেন।’ ঢাকা থেকে আসা-যাওয়ার কারণ হিসেবে ওই চিকিৎসক আবাসন সমস্যার কথা জানান।
হাসপাতালের পেছনে চিকিৎসকদের জন্য পাঁচ ইউনিটের একটি দোতলা আবাসিক ভবন আছে। পুরোনো সেই ভবনে শেওলা জমেছে। এই ভবনে আবাসিক চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ পাঁচটি পরিবার বসবাস করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুন নাহার প্রথম আলোকে বলেন, ‘কেউ কেউ ঢাকা থেকে আসা-যাওয়া করেন। তবে সে কারণে কাজে কোনো ব্যাঘাত ঘটে না। সব চিকিৎসকের জন্য আবাসনব্যবস্থা না থাকায় এমন হচ্ছে।’