বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারের চিকিৎসা পুরোদমে শুরু করতে আরও দুই সপ্তাহ লাগতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁর চিকিৎসার জন্য গতকাল রোববার ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট।
মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন বার্ন ও প্লাস্টিক সার্জারির সমন্বয়ক সামন্ত লাল সেন, বিভাগীয় প্রধান মো. আবুল কালাম, মেডিসিন বিভাগের প্রধান খান আবুল কালাম আজাদ, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ রায়হানা আউয়াল ও সাজ্জাদ খন্দকার এবং চর্মরোগ বিশেষজ্ঞ এমদাদুল হক।
জানতে চাইলে সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, ‘আবুল বাজনদারের ক্যানসার হয়ে গেছে কি না, সেটা আগে পরীক্ষা করে দেখা দরকার। যে ভাইরাস সংক্রমণের আশঙ্কা করছি, আমরা সেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের অস্তিত্ব আছে কি না সেটাও দেখা হবে।’ এ ছাড়া আবুল বাজনদার অপুষ্টিতে ভুগছেন বলে জানিয়েছেন সামন্ত লাল সেন। তিনি বলেন, চিকিৎসা শুরুর আগে তাঁর অপুষ্টি সমস্যাটা দূর করা জরুরি বলে মনে করছেন তাঁরা। পুরোদমে চিকিৎসা শুরু করতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লেগে যেতে পারে। এর আগে তাঁর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।
আবুল বাজনদারের চিকিৎসার বিষয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একজন ক্যানসার বিশেষজ্ঞ বার্ন ইউনিটের সঙ্গে যোগাযোগ করেছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
খুলনার পাইকগাছার সরল গ্রামের আবুল বাজনদার গত শনিবার ঢাকা মেডিকেলে ভর্তি হন। তাঁকে ঢাকা মেডিকেলের একটি কেবিনে রাখা হয়েছে। তাঁর দুই হাতের তালুর চামড়া এবং ১০টি আঙুল প্রসারিত হয়ে গাছের শিকড়ের মতো হয়ে গেছে। পায়ের আঙুল আর তালুতেও একই অবস্থা। হাত ও পায়ের নখগুলো আর দেখা যায় না।
আবুলের বয়স যখন ১৫ বছর, তখন তার ডান হাঁটুর নিচে আঁচিলের মতো একধরনের গোটা উঠতে থাকে। পরে দুই হাতের কনুই পর্যন্ত এবং দুই পায়ের হাঁটু পর্যন্ত আঁচিলে ভরে যায়। চিকিৎসকদের ধারণা, তিনি এপিডার্মোডাইসপ্লাসিয়া ভেরাসিফরমিস নামের একটি বিরল রোগে ভুগছেন। এই রোগের জন্য দায়ী একধরনের ভাইরাস। এ ছাড়া জিনগত কারণেও এ রোগ হতে পারে।