পুরো বর্ষায় জলমগ্ন থাকে সড়কটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুরো বর্ষা মৌসুমই’ জলমগ্ন থাকে নোয়াখালী শহরের গণপূর্ত ভবনের পেছনের সড়কটি। এ ছাড়া সড়কে ফেলা হয় ময়লা-আবর্জনা। এতে সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয় পথচারীদের।
জেলা প্রশাসকের কার্যালয়ের সড়কের পশ্চিম মাথা থেকে গণপূর্ত ভবনের পেছন দিয়ে গিয়ে জেলা জজকোর্ট সড়কের সঙ্গে যুক্ত হয়েছে সড়কটি। স্থানীয় লোকজন জানান, প্রায় ৫০০ মিটার দীর্ঘ এই সড়কে চলতি বর্ষার মৌসুমের শুরু থেকেই প্রায় হাঁটুপানি জমে আছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে ঝোপঝাড় আর ময়লা-আবর্জনার স্তূপ।
স্থানীয় লোকজন বলেন, শহরের এমন একটি গুরুত্বপূর্ণ সড়ক প্রায় এক যুগ ধরে অবহেলায় পড়ে আছে। বর্ষা শুরু হলেই চরম ভোগান্তিতে পড়ে পথচারীরা।
স্থানীয় ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি অনেক নিচু হয়ে গেছে। এ ছাড়া সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। এ কারণে পুরো বর্ষা মৌসুমেই জলমগ্ন থাকে সড়কটি।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন বলেন, জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত।
পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ বলেন, সড়কটি গণপূর্ত বিভাগের। তাই সড়কটি সংস্কারের ক্ষেত্রে পৌরসভার পক্ষ থেকে কিছু করার সুযোগ নেই। তিনি বলেন, এ ব্যাপারে তিনি গণপূর্ত বিভাগের সঙ্গে কথা বলবেন।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহজাহান মজুমদার প্রথম আলোকে বলেন, তিনি অল্প কিছুদিন আগে এখানে এসেছেন। সড়কটি সম্পর্কে তাঁর বিস্তারিত জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।