পুরো বাঞ্ছারামপুরে একজনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উর্মি আক্তার
উর্মি আক্তার

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় মন ভীষণ খারাপ হয়ে গিয়েছিল মেয়েটির। কিন্তু হতাশ হননি। ভালো ফলাফল করার দৃঢ় প্রত্যয় নিয়ে চালিয়ে গেছেন পড়াশোনা। সবাই তাঁকে সাহস জুগিয়েছে। নিজেও করেছেন কঠোর পরিশ্রম। শ্রম ও প্রত্যয়ের জোরে এবারের এইচএসসি পরীক্ষায় ঠিকই পেয়েছেন কাঙ্ক্ষিত ফলাফল। হয়েছে স্বপ্নপূরণ।
ওই মেয়েটির নাম উর্মি আক্তার। এইচএসসি পরীক্ষায় তাঁর এ সাফল্য অভাবনীয়। কারণ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া একমাত্র শিক্ষার্থী তিনি। তিনি শাহ রাহাত আলী কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
কলেজ সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলা থেকে এবার ৮৮২ জন এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৭৬২ জন। উপজেলায় পাসের হার ৮৬ দশমিক ৩৯। তাঁদের মধ্যে উর্মিই শুধু জিপিএ-৫ পেয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, উর্মি উপজেলার দড়িভেলানগর গ্রামের প্রবাসী আক্তার হোসেন ও ফুলেছা বেগমের মেয়ে। উর্মি বলেন, তিনি অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পান। পরে শাহ রাহাত আলী উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। উর্মি এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ দশমিক ৫ পান। আশানুরূপ ফলাফল না হওয়ায় তিনি কিছুটা দমে যান। পরে তিনি বিভাগ বদলে মানবিক শাখায় ভর্তি হন। কলেজে পড়াশোনা ভালো চলছিল। এর মধ্যে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার আগে বিয়ে হয়ে যায়। কিন্তু তাতেও দমে যাননি তিনি। বিয়ে হয়ে যাওয়ায় উচ্চশিক্ষা নিয়ে কিছুটা সংশয়ও হয়। তবে তাঁর আশা পরিবারের সবাই তাঁকে সহযোগিতা করবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন অনুষদে পড়তে আগ্রহী। এখন উর্মি বাবার বাড়ি থেকে লেখাপড়া করছেন।
উর্মি বলেন, ‘আমি এসএসসিতে জিপিএ-৫ পাইনি। তাই তখন মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তাই এইচএসসিতে ভর্তি হয়ে মনে সংকল্প নিয়ে পড়ালেখা করতে থাকি যে কিছু একটা করে দেখাব। বিয়ে হয়ে যাওয়ায় আমি মানসিক চাপেও ছিলাম, আবার দুশ্চিন্তাও ছিল। আমার কলেজের শিক্ষকেরা, মা-বাবা সবাই আমাকে সাহস জুগিয়েছেন। টেস্ট পরীক্ষার পর থেকে একজন স্যার আমাকে প্রথম আলো পত্রিকা থেকে প্রশ্নের সমাধানও করে দিয়েছেন।’
কিন্তু এত বিষয় থাকতে পছন্দের বিষয় আইন কেন? এমন প্রশ্নের জবাবে উর্মি বলেন, দেশের বেশির ভাগ নারীই গ্রামে বাস করেন। গ্রামের এসব নারী অবহেলিত থাকেন। তিনি ওই নারীদের সামাজিক উন্নয়ন ও মর্যাদা দেওয়ার জন্য কাজ করতে চান।
শাহ রাহাত আলী কলেজের ইংরেজি শিক্ষক মাহফুজা খানম বলেন, উর্মি খুবই পরিশ্রমী। তিনি নিয়মিত ক্লাস করতেন এবং শিক্ষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন। পড়াশোনা চালিয়ে যেতে পারলে উর্মি একদিন দেশকে কিছু দিতে পারবেন বলে তাঁর বিশ্বাস।