দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে পুরো মাত্রায় কয়লা উত্তোলন গত সোমবার থেকে শুরু হয়েছে। নতুন খনিমুখ (ফেজ) থেকে এখন প্রতিদিন কমপক্ষে পাঁচ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হচ্ছে বলে ওই খনিসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (মাইন অ্যান্ড অপারেশন) হাবিব উদ্দিন আহম্মেদ গতকাল বুধবার প্রথম আলোকে জানান, নতুন খনিমুখের ১২১২ নম্বর ফেজ থেকে প্রতিদিন কমপক্ষে পাঁচ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হচ্ছে। এর আগে ওই খনিমুখে গত ১৫ নভেম্বর থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু করা হয়েছিল। খনিতে আধুনিক টপকোল কেভিং পদ্ধতিতে কয়লা কাটার জন্য মাইনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। এর ফলে দ্রুত পুরোদমে উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে।
খনি সূত্রে জানা গেছে, গত ১০ মে বড়পুকুরিয়া কয়লাখনির ১২০৫ নম্বর কোলফেজে (খনিমুখ) পানি ঢুকে পড়ে। খনির প্রকৌশলীরা চেষ্টা করেও ওই খনিমুখ থেকে পানি প্রবাহ বন্ধ করতে ব্যর্থ হন। ফেজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ অবস্থায় কর্তৃপক্ষ নতুন ১২১২ নম্বর ফেজটির উন্নয়নকাজ শুরু করে। উৎপাদন স্বাভাবিক হওয়ায় পাশের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের চাহিদা মিটিয়ে শিগগিরিই খোলা বাজারেও কয়লা বিক্রি করা সম্ভব হবে।