পুরো সৈয়দপুরই যেন এক ভাগাড়

পাড়ায় পাড়ায় আবর্জনার স্তূপ। দুর্গন্ধে টেকা কঠিন। দুর্ভোগের পাশাপাশি লোকজনের মধ্যেও ছড়িয়ে পড়ছে শ্বাসকষ্ট, ফুসফুসের জটিলতা, চর্মরোগসহ নানা রোগবালাই। এ অবস্থা নীলফামারীর ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক উপজেলা সৈয়দপুরের পৌর শহরের।
সৈয়দপুর পৌরসভা সূত্রে জানা যায়, ১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত সৈয়দপুর শহরের লোকসংখ্যা প্রায় চার লাখ। ৪২ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌর এলাকাটি অত্যন্ত জনবহুল। একই সঙ্গে এটি একটি বাণিজ্যিক শহরও। ফলে প্রতিদিন শহরে জমে গৃহস্থালিসহ কলকারখানার আবর্জনা। পৌরসভার পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কনজারভেন্সি শাখার লোকবল মাত্র আড়াই শ জন। এ শাখায় ১০টি গার্বেজ ট্রাকের (পরিচ্ছন্নতা গাড়ি) প্রয়োজনীয়তা থাকলেও আছে মাত্র তিনটি পিকআপ। এ ছাড়া ৪৫টি হাতগাড়ি ও ৫৭টি রিকশাভ্যান রয়েছে। এই জনবল ও পরিচ্ছন্নতা উপকরণ দিয়ে বিশাল এই পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম স্বাভাবিক রাখা দুষ্কর। ফলে প্রতিদিন পুরো শহর পরিষ্কার রাখা সম্ভব হয় না। কোথাও কোথাও আবর্জনা অপসারণে সপ্তাহও লেগে যায়। লোকবল কম থাকায় পরিচ্ছন্নতাকর্মী যেতে পারে না।
সূত্র আরও জানায়, পৌর এলাকায় সাড়ে তিন শ ডাস্টবিন ছিল। এগুলোর অর্ধেকই বেদখল হয়ে গেছে। পরিচ্ছন্নতা শাখার দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক আবু তাহের বলেন, মূলত যানবাহন সংকটে পরিচ্ছন্নতা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে এ ব্যাপারে পৌরসভা কয়েকটি গার্বেজ ট্রাক চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। ট্রাকগুলো পাওয়া গেলে সংকট কমবে।
শহরের নতুন বাবুপাড়া মহল্লায় ছিল ১০টির বেশি ডাস্টবিন। কিন্তু এগুলো সব বেদখল হয়ে গেছে বলে জানান মহল্লার বাসিন্দা আকতার হোসেন। তিনি বলেন, এখন মহল্লায় কোনো ডাস্টবিন নেই। তাই রাস্তার ওপরই ফেলতে হচ্ছে সব আবর্জনা। এই আবর্জনা প্রতিদিন না সরানোয় তীব্র দুর্গন্ধে ভরে থাকে চারপাশ। এ মহল্লাটি ১১ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মান্নান সমস্যাটির কথা স্বীকার করে বলেন, ‘প্রতিদিন তিন বেলা পরিচ্ছন্নতার কথা থাকলেও নানা সমস্যায় আমরা তা অব্যাহত রাখতে পারছি না। তবে শিগগিরই এই সংকটের সমাধান হবে।’
গত মঙ্গলবার শহরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আবর্জনা নিয়ে পৌরকর্মীদের হিমশিম খেতে দেখা যায়। নতুন বাবুপাড়া, মুন্সিপাড়া, অফিসার্স কলোনি, মিস্ত্রিপাড়া, আতিয়ার কলোনি, নয়াবাজার, নয়াটোলা, কয়ানিজপাড়া, বাঙালিপুর, নিয়ামতপুর, কুন্দলসহ সব এলাকাতেই একই অবস্থা। শহরের স্মৃতি অম্লান চত্বরে দেখা গেল আবর্জনার স্তূপ। এই এলাকাতেই আছে রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ ক্লাব, রেলওয়ে ময়দান, ডাকঘর ও সাহেবপাড়া আবাসিক এলাকা।
রেলপুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দিনের পর দিন রাস্তার ওপর আবর্জনার স্তূপ জমে দুর্গন্ধ এলাকার পরিবেশ ভারী করে তুলছে। এতে দৈনন্দিন দাপ্তরিক কাজেও সমস্যা হয়। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে বারবার পৌর মেয়রকে অনুরোধ জানিয়েও পরিচ্ছন্নতা কাজে তেমন গতি দেখা যাচ্ছে না।
সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা (ডিএমও) খায়রুল বাশার শহরে জমে থাকা আবর্জনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, পচা আবর্জনার দুর্গন্ধে লোকজনের মধ্যে শ্বাসকষ্ট ও ফুসফুসের নানা রোগ ছড়িয়ে পড়ে। সম্প্রতি হাসপাতালে এ ধরনের রোগীর সংখ্যা বেড়েছে বলে জানান তিনি। এ ছাড়া আবর্জনা চর্মরোগও ছড়ায়। এসব রোগবালাই থেকে শহরবাসীকে রক্ষা করতে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি বলে জানান তিনি।
এ নিয়ে কথা হয় সৈয়দপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হকের সঙ্গে। তিনি বলেন, ‘সংকট যেমন আছে, সমাধানও আছে। আবর্জনা নিয়ে আমরা উদ্বিগ্ন। শিগগিরই আমাদের পরিচ্ছন্নতা শাখায় নতুন গার্বেজ ট্রাক যুক্ত হচ্ছে। ঈদের আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।’ দ্রুতই সংকট নিরসন হবে বলে তিনি জানান।