পুরোদমে কাজ শুরু, খরচও কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষাগারটি পুরোদমে কাজ শুরু করেছে চার মাস হলো। অন্যদের তুলনায় খরচ অনেক কম। কিন্তু সাধারণ মানুষ এই পরীক্ষাগারের কথা না জানায় এর সুফল মিলছে না।
ইনস্টিটিউটের কর্মকর্তারা বলছেন, পরীক্ষাগারে ক্লিনিক্যাল প্যাথলজি অ্যান্ড হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, সেরোলজি, ইমিউনোলজি ও মাইক্রোবায়োলজি বিভাগে ৫৬ ধরনের পরীক্ষা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার কাজে যুক্ত আছেন ভাইরোলজি, ব্যাকটেরিওলোজি, বায়োকেমিস্ট্রি ও ইমিউনোলজি বিভাগের ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ৩০ জন টেকনোলজিস্ট। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে একনাগাড়ে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা আছে। সাধারণ রোগের পরীক্ষা ছাড়াও জটিল পরীক্ষাগুলোও হচ্ছে।
জানা গেছে, জনস্বাস্থ্য ইনস্টিটিউটে মলমূত্র পরীক্ষা ২০ টাকা, সিরাম বিলুরুবিন ৬০ টাকা, সিরাম ইলেক্ট্রোলাইট ২৫০ টাকা, কোলেস্টেরল ও ক্রিয়েটিনিনে ৫০ টাকা খরচ হবে। ডায়াবেটিস পরীক্ষার খরচও অনেক কম। গর্ভধারণ নিশ্চিত হতে মূত্র পরীক্ষায় খরচ হবে ৮০ টাকা। আছে হেপাটাইটিস বি-সহ বিভিন্ন হরমোন পরীক্ষার ব্যবস্থাও। জনস্বাস্থ্য ইনস্টিটিউটে সবচেয়ে দামি পরীক্ষাটির খরচ পড়বে ৪৫০ টাকা।
ইনস্টিটিউটের মাইক্রোবায়োলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সুপর্ণা পাল বলেন, ‘প্রথম মাসে সরকারি কোষাগারে আমরা ১২ হাজার টাকা জমা দিয়েছিলাম, দ্বিতীয় মাসে ৬৫ হাজার টাকা, তৃতীয় মাসে ১ লাখ ১৫ হাজার টাকা ও এই মাসের ২৬ তারিখ পর্যন্ত ৯৮ হাজার ৮৫ টাকা জমা দিয়েছি।’ রোগী বেশি হলে সামাল দেওয়ার সক্ষমতা তাঁদের আছে বলেও জানালেন তিনি।
প্রতিষ্ঠানটির পরিচালক জাফরুল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষাগার ছিল, পরীক্ষা করার মানুষও ছিলেন। কিন্তু গবেষণাগারটি অচল পড়েছিল। চার মাস আগে আমরা পুরোদমে এটি চালু করেছি। বাইরে বড় বোর্ড টানিয়েছি। মসজিদে ইমামদের নামাজের সময় খবরটা জানানোর অনুরোধ করেছি। লিফলেটও দিয়েছি। কিছু কিছু রোগী এখন আসছেন।’ তিনি বলেন, মহাখালীর মতো জনবহুল জায়গায় এবং জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের আশপাশে দরিদ্র মানুষের জন্য পরীক্ষাগারটি ভালো উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।
তবে খবরটা যে খুব একটা প্রচার হয়নি, তার প্রমাণ মেলে ওই এলাকার এক বাসিন্দার সঙ্গে কথা বলে। মহাখালীর সাততলা বস্তিতে মুদির দোকান আছে আবদুল খালেকের। তিন দশক ধরে তিনি ওই এলাকার বাসিন্দা। জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা আছে জানেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তো জানি কুকুর-টুকুর কামড়াইলে এই এলাকায় যে হাসপাতাল আছে, সেইখানে চিকিৎসা হয়। অন্য পরীক্ষাও হইতে পারে, কিন্তু জানি না।’ কম দামে যে হাতের কাছেই রোগনির্ণয়ের ব্যবস্থা আছে, এ খবরে তিনি খুশি হলেন। বললেন, ‘কম পয়সায় ভালো কিছু হইলে তো ভালোই। আমরা যাইতে পারব। যাদের সুবিধা বেশি, তারা দামিটায় যাক।’
গত বুধবার মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে গিয়ে দেখা যায় মানুষকে আকৃষ্ট করতে অনেকগুলো উদ্যোগই নিয়েছে কর্তৃপক্ষ। বাইরে বড় একটি বোর্ডে টানানো হয়েছে পরীক্ষার নাম ও মূল্যতালিকা। ভেতরে ডিজিটাল বোর্ডেও ঘোষণা আছে।