পুরোনো একাধিক প্রকল্পসহ নতুন বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত বছরের অধিকাংশ প্রস্তাবিত প্রকল্প নিয়ে বরিশাল সিটি করপোরেশনের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাস করা হয়েছে। কিছু প্রকল্পের শুধু নাম পরিবর্তন করা হয়েছে। বরাদ্দ রাখা হয়েছে বিলুপ্ত আঞ্চলিক কার্যালয়ের জন্যও। তবে নতুন বাজেটে নগরবাসীর ওপর বাড়তি করের বোঝা না থাকায় স্বস্তি প্রকাশ করেন নাগরিকেরা।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় নগর ভবনের সম্মেলন কক্ষে ওই বাজেট ঘোষণা করেন। ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ৪০৭ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার ৯৭৫ টাকার এই বাজেট ঘোষণা করা হয়। একই সঙ্গে তিনি ২০১৩-১৪ অর্থবছরের ১৪২ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৬২২ টাকার সংশোধিত বাজেটও ঘোষণা করেন।
প্রস্তাবিত প্রকল্পের মধ্যে শহর রক্ষা বাঁধ, খাল খনন, খাল পুনরুদ্ধার, শিশুপার্ক, কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ, নতুন নগর ভবন নির্মাণ, মার্কেট নির্মাণসহ নেওয়া প্রকল্পগুলো কেবল বাজেট ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বছরের পর বছর।
গত বছরের প্রস্তাবিত ১১ প্রকল্প এ বছরও বাজেটে স্থান পেয়েছে। এ ছাড়া নিজস্ব অর্থায়নে গত বছরের চলমান ৩৭ প্রকল্পের ৩২ এই বাজেটে রয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত আট প্রকল্পের কোনো ধরনের পরিবর্তন ঘটেনি। চলমান ওই সব প্রকল্পে কেবল অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে।
মেয়র আহসান হাবিব বলেন, সব সময় উন্নয়নকাজ করার পরিকল্পনা নিয়ে বাজেট করা হয়। অনেক সময় সব কাজ করা সম্ভব হয় না। তাই বলে বাজেটে আশা থাকবে না তা হয় না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে আশা জাগানো বাজেট করতে হয়।
বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি সৈয়দ দুলাল বলেন, করের বাড়তি বোঝা নেই। এটা খুবই ভালো। তবে প্রকল্পগুলো যাতে বাস্তবায়ন হয়, সেদিকে নজর দেওয়া উচিত।