পুরোনো কোচ জোড়াতালি দিয়ে ঈদ পার করার উদ্যোগ রেলের
পুরোনো কোচ জোড়াতালি দিয়ে এবার ঈদে যাত্রীসেবার ব্যবস্থা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলে চট্টগ্রামের পাহাড়তলী ও নীলফামারীর সৈয়দপুরে রেলের কারখানায় ১৬৬টি পুরোনো কোচের মেরামতকাজ চলছে।
রেলওয়ে সূত্র জানায়, বেশির ভাগ কোচের অবস্থা জীর্ণশীর্ণ। শীতাতপনিয়ন্ত্রিত কোচগুলোতে এসি কাজ করে কম। টয়লেট কক্ষের অবস্থা স্বাস্থ্যকর নয়। অনেক কোচে সব বাতি জ্বলে না। এভাবে দীর্ঘদিন ধরে চলছে রেলের সেবা। ঈদ এলে রেলের ওপর চাপ আরও বেড়ে যায়। যাত্রীরা স্টেশনগুলোতে টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়ে। এই অবস্থায় রেলওয়ে কাঙ্ক্ষিত সেবা দিতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
রেলের পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. হারুন-অর-রশীদ প্রথম আলোর কাছে স্বীকার করেন, চাহিদার এক-তৃতীয়াংশ কোচ কেবল মেরামত করতে পারছেন তাঁরা। রেলের বহরে যত কোচ আছে, তা মেরামতের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই।
একাধিক কর্মকর্তা স্বীকার করেন, ঈদে বেশির ভাগ যাত্রী টিকিট না পেয়ে বিকল্প হিসেবে সড়কপথে গন্তব্যে যায়। সড়কপথে ভ্রমণ ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। ঈদে বাড়তি যাত্রী পরিবহনের জন্য যেসব কোচ মেরামত করে বহরে দেওয়া হচ্ছে, তাতে আসলে ৯৪টি বগির ঘাটতি পূরণ হবে। কার্যত প্রতিবছরের মতো এবার বাড়তি কোচ সেই অর্থে সংযোজন করা হচ্ছে না। ফলে বাড়তি যাত্রীদের সামাল দেওয়া নিয়ে চিন্তিত রেলকর্মীরা।
পূর্বাঞ্চলের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা ও চট্টগ্রাম স্টেশনে যাত্রীদের সামাল দেওয়া কঠিন হবে। কারণ, প্রতিবছর ঈদের আগে কেবল পূর্বাঞ্চলে ৬০ থেকে ৭০টি কোচ বাড়তি সংযোজন করা হতো। বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকত। এবারও বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকছে। কিন্তু সেই অর্থে বাড়তি যাত্রী পরিবহনের জন্য রেলের বিশেষ প্রস্তুতি নেই। সাত বছরে রেলে নতুন কোচ যুক্ত না হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।
তবে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের দাবি, ঈদে যাত্রীরা কাঙ্ক্ষিত সেবা পাবে।এ জন্য রেলওয়ে কর্তৃপক্ষ সব ধরনের বিশেষ ব্যবস্থা নিয়েছে।
রেলের প্রকৌশল শাখা সূত্র জানায়, পূর্বাঞ্চলে আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনের ইঞ্জিনের সক্ষমতা অনুযায়ী ৯৪টি কোচ কম রয়েছে। এবারের ঈদে পূর্বাঞ্চল থেকে ৮৩টি এবং পশ্চিমাঞ্চল থেকে আরও ৮৩টি পুরোনো কোচ মেরামত করে বহরে যুক্ত করার নির্দেশ দেন মন্ত্রী। ইতিমধ্যে পূর্বাঞ্চলে ৬০টি কোচ যুক্ত হয়েছে। আরও ২৫-৩০টি কোচ যুক্ত হবে বলে যান্ত্রিক শাখার প্রকৌশলীরা আশা করছেন।
স্বাধীনতার আগে ও পরে আমদানি করা পুরোনো কোচই রেলের ভরসা। পূর্বাঞ্চলে ৯৩০ এবং পশ্চিমাঞ্চলে ৫৬৯টি কোচ আছে। সেগুলোই জোড়াতালি দিয়ে চলছে।
রেলওয়ের পূর্বাঞ্চলে ২১ জোড়া আন্তনগর ট্রেনে ইঞ্জিনের সক্ষমতা থাকা সত্ত্বেও ৩৪টি কোচ কম নিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে। এতে যাত্রীরা বঞ্ছিত হচ্ছে। মেইল ও লোকাল ট্রেনেও অনুরূপ আরও ৬০টি কোচ কম রয়েছে। ২০১২ সালের ১ অক্টোবর থেকে ট্রেনের ভাড়া ৫০ শতাংশ বাড়ানো হয়। কিছু রুটে রেয়াত প্রত্যাহার করায় ভাড়া ১৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। কিন্তু সেই তুলনায় যাত্রীসেবার মান বাড়ানোর কোনো উদ্যোগ দেখা যায়নি।
চট্টগ্রামের বাসিন্দা আবদুস সাত্তারকে ব্যবসায়িক কাজে নিয়মিত ঢাকায় যেতে হয়। একমাত্র বিরতিহীন আন্তনগর সুবর্ণ এক্সপ্রেসকে বেছে নেন তিনি। আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘ট্রেনের ভাড়া বৃদ্ধি নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু সেবার মান বাড়ানো হয়নি; বরং দুই বছর আগে শীতাতপনিয়ন্ত্রিত কোচে উঠে আরামে গন্তব্যে পৌঁছে যেতাম। এখন সেই কোচগুলো থেকে ঠান্ডা হাওয়ার পরিবর্তে যেন গরম বাতাস বের হয়।শীতাতপনিয়ন্ত্রিত ট্রেনে বসে ঘাম ঝরে।’
আরেক যাত্রী সাইদুল ইসলাম বলেন, আন্তনগর ট্রেনের সাধারণ কোচে ভ্রমণ এখন কঠিন হয়ে পড়েছে। পুরোনো কোচ, আসনের নিচে ছারপোকার বাসা। টয়লেট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। কিন্তু কারও কোনো ভ্রুক্ষেপ নেই।
রেলের একজন প্রকৌশলী নাম প্রকাশ না করে বলেন, সর্বশেষ ২০০৭ সালে রেলের বহরে চীনের তৈরি শীতাতপনিয়ন্ত্রিত কোচ যুক্ত হয়। ওই কোচগুলোর নিয়মিত ওভারহোলিং (বড় ধরনের সংস্কার) হচ্ছে না। ফলে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রগুলো সব সময় কাজ করে না।
রেলপথমন্ত্রী যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।এ জন্য আমরা পর্যাপ্ত কোচ আমদানির সিদ্ধান্ত নিয়েছি।’
রেলের সংশ্লিষ্ট সূত্র জানায়, কোচ-সংকটের কারণে কেবল পূর্বাঞ্চলে রেলের দৈনিক আয় কমপক্ষে ১০ লাখ টাকা কমে গেছে। সেই হিসেবে বছরে কমেছে ৩০ কোটি টাকা।
ঢাকা-চট্টগ্রাম রেলপথের মহানগর প্রভাতী, ঢাকা-কিশোরগঞ্জ রেলপথের কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং ঢাকা-মোহনগঞ্জ রেলপথের হাওর এক্সপ্রেস কেবল ইঞ্জিনের সক্ষমতা অনুযায়ী কোচ নিয়ে যাত্রী পরিবহন করতে পারছে। বাকি ১৮ জোড়া ট্রেনে কোচ-সংকট রয়ে গেছে।
রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশের একমাত্র বিরতিহীন আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে একটি কোচের সংকট রয়েছে। গত বছর চট্টগ্রাম স্টেশনে ছাত্রশিবির এই ট্রেনটির একটি কোচ পুড়িয়ে দেয়। একইভাবে চট্টগ্রাম-সিলেট পথের পাহাড়িকা এক্সপ্রেসে দুটি, ঢাকা-নোয়াখালী পথের উপকূল এক্সপ্রেসের তিনটি, ঢাকা-সিলেটের জয়ন্তিকার তিনটি এবং পারাবত এক্সপ্রেসের তিনটি কোচ কম নিয়ে যাত্রী পরিবহন করছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছার জন্যই দেশে ট্রেন ভ্রমণকারীর সংখ্যা বাড়ছে। বিপরীতে কোচ কমে যাওয়ায় স্টেশনগুলোতে টিকিটের জন্য হাহাকার চলছে। সাধারণ যাত্রীরা স্টেশনে গিয়ে কাঙ্ক্ষিত টিকিট পান না।
রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক শাখার একাধিক কর্মকর্তা বলেন, ‘প্রতিদিন দরখাস্ত নিয়ে যাত্রীরা আমাদের কাছে আসেন। কিন্তু আমরা সবাইকে টিকিট দিতে পারি না। দুঃখ প্রকাশ করে অনেককে বিদায় দেই।’
নতুন কোচ আমদানির প্রক্রিয়া: রেলপথমন্ত্রী জানান, ভারতের অর্থায়নে ১২০টি এবং এডিবির অর্থায়নে আরও ২০০ কোচ আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী এক-দেড় বছরের মধ্যে নতুন কোচ রেলের বহরে যুক্ত হবে বলে আশা করছেন তিনি।
রেলের সূত্র জানায়, এডিবির অর্থায়নে ১০০টি মিটারগেজ কোচ আনার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে দরপত্র আহ্বান করা হয়েছে, যেখানে ভারত, ইন্দোনেশিয়া ও চীনের তিনটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এডিবির সদর দপ্তরে ফিলিপাইন থেকে অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত হলে সর্বনিম্ন দরদাতাকে কোচ সরবরাহের কার্যাদেশ দেওয়া হবে। কার্যাদেশ দেওয়ার দুই বছর পর সেই কোচ রেলের বহরে যুক্ত হবে।
রেলওয়ে সূত্র জানায়, ভারতের অর্থায়নে ভারত থেকে আরও ১২০টি ব্রডগেজ কোচ আনার দেনদরবার চলছে। দরপত্র অনুমোদন এবং কার্যাদেশ দেওয়ার পর কোচ সরবরাহ করতে দেড় থেকে দুই বছর লাগে।
রেলের পরিচলন দপ্তর সূত্র জানায়, পূর্বাঞ্চলের ৪২টি আন্তনগর ট্রেনের সব কটি মিটারগেজে চলে। পশ্চিমাঞ্চলের জন্য এই ১২০টি কোচ আনা হবে। অথচ যাত্রীর চাপ সবচেয়ে বেশি পূর্বাঞ্চলে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ নিয়ে পূর্বাঞ্চল গঠিত। ভৌগোলিক ও ব্যবসায়িক কারণে রাজধানী ঢাকা থেকে বন্দরনগর চট্টগ্রাম এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে সিলেটে যাত্রী পরিবহন বেশি হয়। রেলের সিংহভাগ আয় হয় পূর্বাঞ্চল থেকেই।