পুরোনো তথ্যে জাতীয় তথ্য বাতায়ন, বিপাকে মানুষ
ডিজিটাল বাংলাদেশের সুবিধা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সরকার প্রতিটি জেলার তথ্য দিয়ে জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইট তৈরি করেছে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে কাজে লাগাবেন নাগরিকেরা। কিন্তু বরগুনার জেলা তথ্য বাতায়নের ওয়েবসাইটে পাথরঘাটা উপজেলার সঠিক তথ্য মিলছে না। এটি করা হচ্ছে না হালনাগাদ। এতে নাগরিকেরা বিভ্রান্ত হচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পাথরঘাটার কালমেঘা ও নাচনাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আট মাস পরও জাতীয় তথ্য বাতায়নে ওই দুটি ইউপির তথ্য হালনাগাদ করা হয়নি। সেখানে নির্বাচিত ইউপি সদস্য ও চেয়ারম্যানদের স্থলে ইউপির সাবেক চেয়ারম্যান ও সদস্যদের নাম, পরিচয়, পদবি ও মুঠোফোন নম্বর রয়েছে। একই সঙ্গে চরদুয়ানী ইউপিতে বিলম্বে শপথ নেওয়া এক সদস্যের নাম-পদবি নেই এবং অপর সদস্যের মুঠোফোনের ভুল নম্বর দেওয়া হয়েছে।
কালমেঘা ইউপির বর্তমান চেয়ারম্যান আকন মোহাম্মদ সহিদ ও নাচনাপাড়া ইউপির বর্তমান চেয়ারম্যান মো. ফরিদ খান। চলতি বছরের ২২ মার্চ ওই দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় তথ্য বাতায়ন ঘেঁটে দেখা গেছে, এতে উপজেলার চরদুয়ানী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কবির মোল্লার নাম নেই। তালিকায় মামলাজনিত কারণে নাম নেই উল্লেখ রয়েছে। একইভাবে বাতায়নে চরদুয়ানী ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বজলুর রহমানের মুঠোফোন নম্বরের ঘরে ওই ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কবির মোল্লার মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে। নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নামের জায়গায় সাবেক সদস্যদের নাম-পদবি ও বর্তমান সদস্যের মুঠোফোন নম্বর ভুল দেওয়ায় নানা প্রয়োজনে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।
কালমেঘা ইউপির চেয়ারম্যান আকন মোহাম্মদ সহিদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’ খুব শিগগিরই তিনি তাঁর ইউনিয়নের তথ্য হালনাগাদ করবেন। এ বিষয়ে কথা বলার জন্য নাচনাপাড়া ইউপির বর্তমান চেয়ারম্যান মো. ফরিদ খানের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
চরদুয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির মোল্লার মামলাজনিত কারণে তাঁর নাম ওঠানো হচ্ছে না। তবে ৯ নম্বর ওয়ার্ডের মুঠোফোন নম্বর ভুল কেন তা দেখা হচ্ছে।
বরগুনার জেলা প্রশাসক বশিরুল আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন পরিষদকে তথ্য আপডেট করার জন্য বলে দিচ্ছি।’