পুরোনো তদন্ত প্রতিবেদনই পাঠাল চমেক কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসায় শিশু ওয়াহেদার বাঁ হাত কেটে ফেলার অভিযোগ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ নতুন কমিটি না করে এই ঘটনা তদন্তে আগে গঠন করা কমিটির প্রতিবেদনটি গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর বরাবর পাঠিয়েছে।
হাসপাতালের একজন অধ্যাপককে প্রধান করে করা ওই কমিটি গত ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে দুর্ঘটনায় পা হারানো শিশু ওয়াহেদার বাঁ হাত ভুল চিকিৎসার কারণে কাটা হয়নি বলে উল্লেখ করা হয়। ওয়াহেদার স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি এই কমিটি গঠন করেছিলেন।
চট্টগ্রামের বাঁশখালীর চানপুরের শিশু ওয়াহেদা গত ২৪ আগস্ট সড়ক দুর্ঘটনায় বাঁ পায়ে আঘাত পায়। ওই দিনই চমেক হাসপাতালে তার বাঁ পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হয়। পরে ১৭ সেপ্টেম্বর শিশুটির বাঁ হাতও অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হয়।
ভুল চিকিৎসার অভিযোগে গত ৬ অক্টোবর শিশুটির স্বজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আ ম কাজী মুহাম্মদ হারুন উর রশীদ জাতীয় মানবাধিকার কমিশন কাছে লিখিত অভিযোগ করেন।
গতকাল শনিবার কাজী মুহাম্মদ হারুন উর রশীদ বলেন, ‘ডাক্তারদের বাঁচানোর জন্য ওই কমিটি করা হয়েছিল। ওয়াহেদার বাঁ হাতে কোনো আঘাত ছিল না। হাসপাতালের তদন্ত কমিটি যে মনগড়া প্রতিবেদন দেবে, তা বুঝতে পেরে মানবাধিকার কমিশনে অভিযোগ করেছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ নতুন করে কমিটি না করে পুরোনো প্রতিবেদনটি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে পাঠিয়েছে। এটা জালিয়াতি।’
গত ১৮ অক্টোবর জাতীয় মানবাধিকার কমিশন উচ্চপর্যায়ের কমিটির মাধ্যমে বিষয়টি তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়। কমিশনের পরিচালক মো. শরীফ উদ্দিন স্বাক্ষরিত ওই আদেশে ২৪ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে চমেক হাসপাতাল কর্তৃপক্ষকে কৈফিয়ত তলব এবং বিষয়টি তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এরপর গতকাল শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ আগের তদন্ত প্রতিবেদনটি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠায়।
জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি বলেন, ‘আমাদের যে কমিটি গঠন করা হয়েছিল, সেটা একজন অধ্যাপককে প্রধান করে। এটি উচ্চপর্যায়ের একটি কমিটি। আমরা ওই প্রতিবেদন অধিদপ্তরে পাঠিয়েছি।’ তিনি বলেন, ‘এখন অধিদপ্তর কিংবা মন্ত্রণালয় চাইলে নতুন করে কমিটি করতে পারে।’