পুরোনো নকশার শহীদ মিনারের আকুতি বগুড়ার সংস্কৃতিকর্মীদের
বগুড়ার খোকন পার্কের উদ্ভট শহীদ মিনার ভেঙে আগের নকশায় ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়েছেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা। গতকাল বুধবার বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে এক মতবিনিময় সভায় এই আকুতি জানানো হয়।
সভায় বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান বলেন, শহরের সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এই টিটু মিলনায়তনকে ঘিরে। অথচ মিলনায়তনের অযৌক্তিক ভাড়া বাড়ানোর কারণে সংস্কৃতিচর্চায় প্রায় স্থবিরতা নেমে এসেছে। মিলনায়তনের বাইরে ওস্তাদ আলাউদ্দিন মঞ্চে অনুষ্ঠান আয়োজনে সারা বছর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছেন পৌর মেয়র। আবার রোমেনা আফাজ মুক্তমঞ্চে অনুষ্ঠান করতে গেলে দুই হাজার টাকা ভাড়া আদায় করা হয়। সংস্কৃতিবিরোধী এই মেয়রের কারণেই কার্যত বগুড়ায় উগ্র সাম্প্রদায়িকতা শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। মেয়রের কারণে বগুড়ায় ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা শহীদ স্মৃতি সংগ্রহশালা খোলা যায় না। মেয়রের কারণে দেড় শ বছরের পুরোনো উডবার্ন পাবলিক লাইব্রেরির দুর্লভ বই নষ্ট হয়ে যাচ্ছে।
মেয়রের বিরুদ্ধে একই ধরনের নালিশ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মাহমুদুস সোবহান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাদেকুর রহমান। তাঁরা সবাই এডওয়ার্ড পার্কের আলাউদ্দিন মঞ্চ ও রোমেনা আফাজ মঞ্চকে সাংস্কৃতিক চত্বর ঘোষণার দাবি জানান।
আসাদুজ্জামান নূর বলেন, সংস্কৃতিকর্মীরা চাইলে বাঙালি চেতনাবিরোধী বগুড়ার শহীদ মিনারটি ভেঙে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে আরেকটি শহীদ মিনার তৈরি সম্ভব। তবে কাজটা অন্য মন্ত্রণালয়ের হওয়ায় নকশা প্রণয়ন থেকে শুরু করে ওই মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় তিনি করবেন। মূল কাজটা করতে হবে জেলা প্রশাসনকেই। তিনি আরও বলেন, শহীদ টিটু মিলনায়তনের ভাড়া কমাতেও ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বক্তব্য দেন।