পুরোনো পাঠ্যসূচিতে এইচএসসি পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরের একটি কেন্দ্রের এক কক্ষে এইচএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের পুরোনো পাঠ্যসূচির (সিলেবাস) প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে।
শিক্ষক ও পরীক্ষার্থী সূত্রে জানায়, সখীপুর সরকারি মুজিব কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পাশের সখীপুর আবাসিক মহিলা কলেজের পরীক্ষার্থীরা অংশ নেয়। ওই কেন্দ্রের ২০৬ নম্বর কক্ষে পুরোনো সিলেবাসের কোনো পরীক্ষার্থী না থাকলেও কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) থেকে পুরোনো সিলেবাসের বহু নির্বাচনী (এমসিকিউ) প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরীক্ষার্থীরা প্রথম ১০ মিনিটে এটা বুঝতে পারেনি। পরে কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিষয়টি জানালেও তাঁরা গুরুত্ব দেননি।
সরকারি মুজিব কলেজ কেন্দ্রের কেন্দ্রসচিব আব্বাছ উদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রের ১৫টি কক্ষের মধ্যে মাত্র একটি কক্ষে ভুলবশত কয়েকজন পরীক্ষার্থীকে পুরোনো সিলেবাসের প্রশ্ন সরবরাহ করা হয়েছে বলে শুনেছি। কীভাবে এটা হলো তা খতিয়ে দেখা হচ্ছে। এ ভুলের সমাধানের লক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গেও কথা বলেছি।’
ওই কক্ষের পরিদর্শক সরকারি মুজিব কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক মজিবর রহমানের মুঠোফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়।
সখীপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষার্থী নাহিদা ইসলাম বলেন, ‘ওই প্রশ্নে পরীক্ষা দেওয়ায় আমি নির্ঘাত ফেল করব। বাকি পরীক্ষা দিয়ে কী লাভ হবে। খুবই দুশ্চিন্তায় আছি।’ কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান বলেন, ‘আমার কলেজের কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আমার কাছে এ ব্যাপারে অভিযোগ করেছে। আমি ইউএনও ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে বিষয়টি জানিয়েছি।’
ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা বলেন, ‘ভুল প্রশ্ন সরবরাহের অভিযোগ পেয়েছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’