পুরোনো বই ফেরত দেওয়ার শর্তে নতুন বই বিতরণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ কর্তৃপক্ষের বিরুদ্ধে পুরোনো বই ফেরত না দেওয়ায় শিক্ষার্থীদের নতুন বই না দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, যে শিক্ষার্থী পুরোনো বই ফেরত দেবে না, তাকে ১২০ টাকা জমা দিয়ে  নতুন বই নিতে বলা হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা যায়, গত রোববার ঈশ্বরদীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়। উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে বই বিতরণ করা হলেও ওই বিদ্যাপীঠে এখনো বই বিতরণ সম্পন্ন হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যাপীঠের অষ্টম ও নবম শ্রেণির ১০-১২ জন শিক্ষার্থী অভিযোগ করে, গতকাল প্রধান শিক্ষক বিদ্যালয়ে এলে তারা নতুন বই চায়। কিন্তু প্রধান শিক্ষকসহ আরও দু-একজন শিক্ষক তাদের পুরোনো বই ফেরত দিতে বলেন। না হলে নতুন বই দেওয়া হবে না বলে জানান। আর পুরোনো বই না দিয়ে নতুন নিতে হলে ১২০ টাকা জমা দিতে বলা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার বলেন, এ ধরনের অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান শিক্ষক দেবদাস স্যান্নাল বলেন, শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে না আসায় এখন পর্যন্ত ৬০ ভাগ বই বিতরণ সম্পন্ন হয়েছে। তবে পুরোনো বই ফেরত ও টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, কিছু দুষ্ট ছাত্র বিদ্যালয়ে না এসে এসব কথা বলছে।