পুরোনো বইয়ের বিক্রিতে ভাটা

দক্ষিণ মুগদার ফরহাদ হোসেন ব্যবসা করেন। মতিঝিলে অফিস। দরকারি কাজে আসতে হয়েছিল পুরানা পল্টনে। ফেরার পথে থমকে দাঁড়ালেন মুক্তি ভবনের সামনে। ফুটপাতে হরেক বইয়ের পসরা। তাঁর চোখ আটকে গেছে জহির রায়হানের উপন্যাস সমগ্রর দিকে। বেশ ঝকঝকেই আছে বইটি। কোনো এক মাহফুজুল হক খন্দকারকে উপহার দিয়েছিলেন তাঁর বন্ধু তারিক। সেটা ১৯৯৮ সালের ঘটনা। তারপর কেমন করে সেই উপহারসামগ্রী এল ফুটপাতে, তা নিয়ে ক্রেতা-বিক্রেতা কারোরই মাথাব্যথা নেই। বইটির ‘কন্ডিশন’ ভালো। শেষ পর্যন্ত রফা হলো ৭৫ টাকায়।
গত বৃহস্পতিবার দুপুরে চোখে পড়ল পুরানা পল্টনের ফুটপাতে পুরোনো বই কেনাবেচার এই দৃশ্য। ঢাকার ফুটপাতে পুরোনো বইয়ের লেনদেন অনেক কালের পুরোনো। একসময় অনেক দুর্লভ বই সুলভ দামে পাওয়া যেত ফুটপাতের পসরায়। অনেক খ্যাতিমান কবি, লেখক, গবেষক, শিক্ষাবিদ থেকে শুরু করে গ্রন্থানুরাগী আমজনতাও নিয়মিত ক্রেতা ছিলেন এসব বইয়ের। তবে হালে অবস্থা পাল্টেছে। বইয়ের জোগানও যেমন কমেছে, তারচেয়ে বেশি কমেছে ক্রেতার সংখ্যা।
ঢাকায় পুরোনো বইয়ের বিখ্যাত বাজার তিনটি—পুরানা পল্টন, বাংলাবাজার ও নীলক্ষেত মোড়ে। খোঁজ নিয়ে দেখা গেল, পুরোনো বইয়ের বাজারের বৈশিষ্ট্যও বদলে যাচ্ছে। পুরানা পল্টনের মোড় থেকে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন কার্যালয় পর্যন্ত উত্তর দিকের ফুটপাতে বইয়ের দোকান প্রায় ৪০টি। এর মধ্যে গুটিকয়েক দোকানে নতুন বই ও পুরোনো অফিস ফাইল, ক্লিপ ইত্যাদি বিক্রি হয়। বাদবাকি দোকানগুলোতে গল্প, উপন্যাস কবিতা, প্রবন্ধ, শিশুতোষসহ বিভিন্ন ধরনের সৃজনশীল বই, দেশি-বিদেশি পত্র-পত্রিকার রকমারি সমারোহ। পুরানা পল্টনের এই বইয়ের ব্যবসা শুরু হয়েছিল পাকিস্তান আমলে বলে জানালেন বিক্রেতা আবদুল মজিদ। তাঁর বাবা আবদুস সালাম ছিলেন প্রথম দিকের ব্যবসায়ীদের একজন। প্রয়াত হয়েছেন। এখন প্রথম দিকের ব্যবসায়ীদের মধ্যে আছেন উত্তম ভৌমিক, হাবিব খন্দকার ও শাহাবুদ্দিন। তাঁদের কাছে জানা গেল, এককালে বিখ্যাত সাহিত্যিক সত্যেন সেন, রণেশ দাশ গুপ্ত, সন্তোষ গুপ্ত, কবি হাসান হাফিজুর রহমান, সরদার ফজলুল করিম, বশীর আল হেলাল, হুমায়ুন আজাদ তাঁদের কাছ থেকে বই কিনেছেন। তবে ইদানীং বিক্রি কমে গেছে অনলাইনের ব্যাপক প্রসারের ফলে। যেকোনো দরকারি রেফারেন্স এখন সহজেই অনলাইনে পাওয়া যায়। তা ছাড়া লোকের পাঠাভ্যাসও কমেছে বলে মনে করেন পুরোনো বইয়ের এই বিক্রেতারা। আগে যেখানে রোজ শ খানেক বই অনায়াসে চলে যেত, এখন পঞ্চাশটি বিক্রি করাই দুরূহ।
এত এত পুরোনো বই তাঁরা কেমন করে সংগ্রহ করেন? এক প্রজন্ম সংগ্রহ করে, পরের প্রজন্ম ‘জঞ্জাল’ মনে করে ঘর থেকে বিদায় করে—এই হলো সহজ প্রক্রিয়া। বিক্রেতারা জানালেন, অধিকাংশ ক্ষেত্রেই এমন হয়—বাবা হয়তো বই সংগ্রহ করেন, তাঁর ছেলেমেয়েদের বইয়ের প্রতি আগ্রহ নেই। বাবার মৃত্যুর পরে তাঁরা ঘর পরিষ্কার করতে পুরো সংগ্রহটাই বিক্রি করে দেন। আবার অনেকে বাড়ি বদল কারার সময়ও বাড়তি বই বিক্রি করে দেন। ফেরিওয়ালারা এসব বই কিনে তাঁদের কাছে এনে বিক্রি করেন। অনেকে আবার সরাসরি পল্টনে এনেও পুরোনো বই বিক্রি করে যান। এ ছাড়া অনেক প্রকাশক তাদের পুরোনো বইয়ের লটও এখানে বিক্রি করেন। এভাবেই জোগান আসে।
পুরান ঢাকার পুরোনো বইয়ের বাজারের বৈশিষ্ট্য পুরো বদলে গেছে। আগে পসরা ছিল গির্জার সামনের ফুটপাতে। এখন সেটি সরে এসেছে সদরঘাটের দিকে। লিয়াকত আলী অ্যাভিনিউতে। পদচারী সেতুর তলায় পূর্ব দিকের ফুটপাতে কাঠের র্যা কে সাজানো বিভিন্ন শ্রেণির গাইড বই। এখানে সৃজনশীল বইয়ের দোকান আছে একটি মাত্র। সেটি আবু সাঈদের। গল্প-উপন্যাস এসব বিশেষ চলে না। তাই অনেকেই ধীরে ধীরে নোট-গাইডের দিকে চলে গেছেন। এখানে পুরোনো বইয়ের দোকান প্রায় ত্রিশটি। বিক্রেতা রানা, দুলাল, মুক্তার হোসেনদের সঙ্গে কথা বলে জানা গেল, পাঠ সহায়ক পুরোনো বইয়ের ব্যবসা বেশ ভালো। তবে একটু বিপদও আছে। ঘন ঘন সিলেবাস বদলে যায়। এর ফলে বদলে যাওয়া সিলেবাসের পুরোনো বইগুলো আর চলে না।
নীলক্ষেতের পুরোনো বইয়ের বাজারটি মিশ্র বৈশিষ্ট্যের। এখানে বাজারও বিশাল। এখানে ফুটপাতে দোকান আছে ১১৪টি। ভেতরে বইয়ের মার্কেটে দোকান ছয় শতাধিক। ফুটপাতে তিন ধরনের বই পাওয়া যায়। ভরতের পশ্চিমবঙ্গের লেখকদের গল্প, উপন্যাস, কবিতার পাইরেসি বইয়ের বিপুল সমারোহ। এগুলো আকারভেদে যেকোনো বই ৬০ টাকা ও ১০০ টাকা দরে বিক্রি হয়। এ ছাড়া আছে নতুন বিভিন্ন শ্রেণির নোট-গাইড, চাকরির পরীক্ষার গাইড এবং পুরোনো সৃজনশীল বই। এখানে প্রায় ২৫ বছর ধরে পুরোনো সৃজনশীল বই বিক্রি করেন হুসমায়ূন সরকার। আগে তাঁর দোকান ছিল বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে। তিন দফায় উচ্ছেদের কবলে পড়ে এখন দোকান সরে এসেছে পূর্ব দিকের সড়কের শেষ মাথায়। তিনি জানালেন, পাইরেসি বইয়ের দাপটে এখানে পুরোনো বইয়ের বিক্রি কমে গেছে। এসব দোকানে নতুন ও পুরোনো উভয় ধরনের বই পাওয়া যায়। বই পুরোনো হয়, জ্ঞান পুরোনো হয় না। হয়তো সে কারণেই ঢাকার ফুটপাতে পুরোনো বইয়ের বেচাকেনা চলছে এখনো।