পুরোনো ব্রহ্মপুত্র মৃতপ্রায়
শেরপুরের পুরোনো ব্রহ্মপুত্র নদের বুকে জেগে উঠেছে বহু ছোট-বড় চর৷ ফলে নাব্যতা-সংকটে নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে৷ পাশাপাশি সেচ-সংকট দেখা দিয়েছে। তাই স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে অবিলম্বে নদটি পুনঃখননের দাবি জানিয়েছেন।
সম্প্রতি সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ এলাকায় গিয়ে দেখা যায়, নদের এখানে-সেখানে চর জেগে উঠেছে৷ এসব চরে ধান ও সবজি আবাদ হচ্ছে। নদসংলগ্ন শেরপুর ও জামালপুরের চরাঞ্চলবাসী হেঁটেই নদ পারাপার হচ্ছেন৷ নদের মূল অংশে স্বল্প পানি আছে৷ তা-ও শেওলায় ভরা।
এলাকার অনেকে জানান, ব্রহ্মপুত্র নদে পানি কমায় প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ শেরপুর-বকশীগঞ্জ ও শেরপুর-দেওয়ানগঞ্জ পথে নৌ-চলাচল বিঘ্নিত হচ্ছে। নদে পর্যাপ্ত পানি না থাকায় চরাঞ্চলের পেশাদার জেলেরা মাছ ধরতে পারছেন না। এমনকি অনেক জেলে আদি পেশা ছেড়ে দিচ্ছেন৷ এ ছাড়া দীর্ঘদিন ধরে নদ খনন না করায় ও তলদেশ ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে প্রায় প্রতিবছর নদসংলগ্ন চরাঞ্চল বন্যাকবলিত হচ্ছে। তাই নাব্যতা রক্ষা, নৌ-চলাচল স্বাভাবিক রাখা ও সেচসুবিধা বাড়ানোর লক্ষ্যে সরকারের কাছে অবিলম্বে নদটি পুনঃখননের দাবি জানান তঁারা।
সদর উপজেলার ডাকপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা মুন্তাজ আলী (৬৫) বলেন, দুই দশক আগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে জামালপুর শহরে যেতে এক ঘণ্টা সময় লাগত। বর্ষাকালে নৌকায় এ নদ পাড়ি দিতে ভয় লাগত। চর পড়ায় এখন শুকনো মৌসুমে হেঁটেই এ নদ পার হওয়া যাচ্ছে।
ডাকপাড়া গ্রামের কৃষক ইনছান আলী (৫০) জানান, নদে চর পড়ায় শুকনো মৌসুমে বোরো ধান ও সবজি আবাদে পানির ব্যাপক সংকট দেখা দিচ্ছে। ফলে চাষাবাদে তাঁদের খুব সমস্যা হচ্ছে।
নদসংলগ্ন কুলুরচর গ্রামের কাসেম আলী (২৫) বলেন, এ মৌসুমে তিনি ৪০ শতক জমিতে মরিচ আবাদ করেছেন। কিন্তু নদে পানি না থাকায় এখন অগভীর নলকূপ দিয়ে জমিতে সেচ দিচ্ছেন। তাই সরকারের দ্রুত নদ খনন করা উচিত৷
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন প্রথম আলোকে জানান, শুকনো মৌসুমে পানির স্তর কমে যাওয়ায় এখানে সংকট দেখা দিয়েছে। অনেক নলকূপেই পানি ওঠে না। নদে মাছের আকাল দেখা দিয়েছে। এটি এখন অনেকটা মরা খাল৷ তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল বা নদে পানি বৃদ্ধি পেয়ে নদসংলগ্ন চরাঞ্চল বন্যাকবলিত হচ্ছে। এতে আমন ফসলসহ কৃষকেরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই অবিলম্বে নদ খনন করে এর নাব্যতা ফিরিয়ে আনতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
এ ব্যাপারে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মো. হাছানুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ব্রহ্মপুত্র নদসহ বিভিন্ন নদ-নদীর নাব্যতা-সংকট দূর করতে জাতীয় পর্যায়ে নদী খননে সরকারের পরিকল্পনা রয়েছে। আশা করি, তখন ব্রহ্মপুত্র নদও খনন করা হবে।’