পুরোনো লাইনেই আবার পানি সরবরাহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরে পানির পুরোনো লাইনের সমস্যা দূর করতে স্থাপিত নতুন লাইনের পাইপ ফেটে যাওয়ায় গতকাল শনিবার থেকে পুরোনো লাইনের মাধ্যমেই আবার পানি সরবরাহ ব্যবস্থা চালু হয়েছে ।
নিম্নমানের পাইপ স্থাপনের কারণে পানির চাপে সেটি ফেটে যাওয়ায় আবার পুরোনো লাইনে সরবরাহ দিতে তাঁরা বাধ্য হচ্ছেন বলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন।
পাইপলাইন স্থাপনকাজের ঠিকাদার মাহবুবুর রহমান নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে বলেছেন কোনো সমস্যা নেই, তিনি কাজটি আবার করে দেবেন। কোম্পানি তাঁকে গভীর নলকূপে ব্যবহারের শক্ত পাইপ দেওয়ায় ফেটে গিয়ে সাময়িকভাবে সংকট সৃষ্টি হয়েছে।
জেলা শহরের নিউ গুলশানে অবস্থিত পানি সরবরাহকেন্দ্রের কর্মচারী ও স্থানীয় লোকজন জানিয়েছেন গত বুধবার পানি সরবরাহ ব্যবস্থার ৭৫ অশ্বশক্তির পাম্প মেশিন চালু করার সঙ্গে সঙ্গে নতুন স্থাপিত পাইপের বিভিন্ন স্থানে ফেটে যায়।
প্রত্যক্ষদর্শী মনসুর আহমেদ বলেন, পাইপ স্থাপনের পর কয়েকটি জায়গায় ফেটে েশাঁ েশাঁ শব্দে পানি ছিটকে পড়তে শুরু করে। তখন ডিপিএইচইর মেকানিকরা কয়েকবার মেরামত করার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় পানি সরবরাহ বন্ধ করতে বাধ্য হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পানি সরবরাহকেন্দ্রের কর্মচারীরা বলেন, পাইপগুলো দেখতে সুন্দর হলেও অত্যন্ত নিম্নমানের। এ জন্য পানি ছাড়ার সঙ্গে সঙ্গে চাপের সহনশীল ক্ষমতা না থাকায় পাইপ ভেঙে যায়।
ডিপিএইচইর পানি সরবরাহের দায়িত্বে নিয়োজিত উপসহকারী প্রকৌশলী মঞ্জেল আহমেদ বলেছেন, পুরোনো পাইপলাইনের বিভিন্ন স্থানে ফেটে যাওয়ায় এবং যেকোনো মুহূর্তে সংকট সৃষ্টি হতে পারে আশায় নতুন পাইপলাইন স্থাপন করা হচ্ছে। নতুন স্থাপিত পাইপলাইন ফেটে যাওয়ায় দুই দিন জেলা শহরে পানি সরবরাহ বন্ধ ছিল বলে তিনি জানিয়েছেন।
নিম্নমানের পাইপ স্থাপনের সময় কোনো তত্ত্বাবধান হয়েছে কি না, জানতে চাইলে মঞ্জেল আহমেদ বলেন, বাইরে থেকে বোঝার উপায় নেই পাইপগুলো নিম্নমানের। শুরুতে পাইপগুলো ফেটে যাওয়ায় ঠিকাদার এখন কোনো আপত্তি ছাড়াই কাজটি আবার করে দিতে বাধ্য বলে তিনি মন্তব্য করেন৷