পুরোনো সড়কে নতুন পানিনিষ্কাশন পথ

আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সামনের সড়কে পানিনিষ্কাশনের জন্য নতুন পাইপলাইন ও ম্যানহোলের নির্মাণকাজ চলছে। ঢাকা ওয়াসার তত্ত্বাবধানে ‘ডেভেলপমেন্ট অব স্ট্রর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম অ্যাট আগারগাঁও এরিয়া ইন ঢাকা সিটি’ প্রকল্পের অধীনে এ কাজ হচ্ছে। এ সড়কের জলাবদ্ধতা নিয়ে এর আগে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সড়কের আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে থেকে সরকারি সংগীত কলেজ পর্যন্ত মোট ১ হাজার ৫৬৬ ফুট জায়গাজুড়ে পাইপ বসানো এবং আধুনিক পদ্ধতিতে ২২টি ম্যানহোল নির্মিত হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সড়কটি পুরোনো হলেও এতে এবারই প্রথম পানিনিষ্কাশনের নতুন পথ তৈরি করা হচ্ছে।
গত বুধবার সেখানে গেলে চোখে পড়ে, শ্রমিকেরা কংক্রিটের স্ল্যাব, ম্যানহোলের কাঠামো ও ঢালাইয়ের জন্য লোহার খাঁচা তৈরির কাজ করছেন। পাশেই আছে নির্মাণসামগ্রী। অধিকাংশ জায়গায় পাইপ বসানো হয়ে গেছে। শ্রমিকেরা জানান, তিন ভাগে পুরো সড়কের কাজের দায়িত্বে আছে আলাদা তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এক অংশের দায়িত্বে থাকা মদিনা ট্রেডিং করপোরেশনের ঠিকাদার নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, এই পাইপলাইন চালু হয়ে গেলে শেরেবাংলা নগর এলাকার কোথাও আর জলাবদ্ধতা থাকবে না।’
প্রতিটি দলই লাইনে পাইপ বসানো, ম্যানহোল ও ক্যাসফিট (পার্শ্ব সংযোগ) নির্মাণের কাজ করছে। ঠিকাদারদের একজন জানালেন, শ্রমিকেরা জানান, দুই সপ্তাহ আগে কাজ শুরু হয়েছে। সম্পূর্ণ কাজ শেষ হতে আরও ১৫ দিন লাগবে।
দেখা যায়, ৪৬ ইঞ্চি ব্যাসের দুই স্তরবিশিষ্ট পাইপলাইন বসানো হচ্ছে। আর ক্যাসফিট দেওয়া হচ্ছে ২২ ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে। আরেক অংশের ঠিকাদারি প্রতিষ্ঠান এস কে ইন্টারন্যাশনালের সহকারী ঠিকাদার মুকুল হোসেন জানান, দিন-রাত কাজ হচ্ছে। রাতে পাইপলাইন খনন, আর দিনে চলে নির্মাণসংক্রান্ত কাজ।
কাজের মান সম্পর্কে নির্মাণশ্রমিক মো. মুসলিম বলেন, ঠিকমতো কাজ শেষ করতে পারলে এসব পাইপলাইন ৫০-৬০ বছর টিকে যাবে।
ওয়াসা সূত্র বলছে, এ পাইপলাইনের মাধ্যমে নিষ্কাশিত পানি চলে যাবে কল্যাণপুরের ‘চ’ খালে। এ সড়কের দুই পাশে আছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
জানতে চাইলে প্রকল্প পরিচালক কে এস চিং প্রথম আলোকে বলেন, আগারগাঁওয়ের এই সড়কটি গুরুত্বপূর্ণ ‘নতুন প্রশাসনিক এলাকার’ মধ্যে অন্যতম। জলাবদ্ধতা এই এলাকার দীর্ঘদিনের সমস্যা। নতুন এ পাইপলাইনের মাধ্যমে আশপাশের বিভিন্ন এলাকার পানিনিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধান হবে। মানুষের প্রত্যাশা পূরণ হবে, ভোগান্তি কমবে।